
|
দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির
প্রকাশ:
১৩ নভেম্বর, ২০২৬, ১১:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। এ দাবিতে দেশের ৬৪ জেলার নেতাদের নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার কথাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। বাংলাদেশ খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পিরোজপুর জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। আল্লামা আব্দুল হামিদ বলেন, বাংলাদেশের ৬৪ জেলার মানুষের দাবি একটাই—কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এ দাবির পক্ষে দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ২০২৫ সালে সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতায় গেলে আইন করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, সরকার সরাসরি এ দাবি মেনে নিলে তাদের জন্য ভালো হবে। অন্যথায় শেখ হাসিনা সরকারের চেয়েও ভয়াবহ পরিণতির মুখে পড়তে হতে পারে। সমাবেশে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত পাকিস্তানের আমির মাওলানা গাজী আওরঙ্গজেব ফারুকী। এ ছাড়া বক্তব্য দেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমদ, নায়েবে আমির মুফতি মুহাম্মাদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমীসহ সংগঠনের অন্যান্য নেতারা। সমাবেশে বক্তারা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানান। তাদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এখনো তা বাস্তবায়ন করা হয়নি। সমাবেশে পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। আইও/ |