ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার 
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৮:৫৫ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মাদক, দুর্নীতি ও সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইমাম ও আলেমদের ভূমিকা নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার (১৪ নভেম্বর) উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হবে।

‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মাদক, দুর্নীতি ও সন্ত্রাসসহ সামাজিক সমস্যা সমাধানে ইমাম ও আলেমদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের সদস্য ও মারকাযুল হুদা আল-ইসলামি বাংলাদেশের মহাপরিচালক মুফতি আজহারুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মডেল মসজিদ ইমাম পরিষদ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের সভাপতি মাওলানা আহমাদ মাসরুর।

শনিবার বেলা সাড়ে ৭টায় অনুষ্ঠেয় এ আলোচনা সভার আয়োজন করেছে মডেল মসজিদ ইমাম পরিষদ। এতে সহযোগিতা করছে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়, ফরিদপুর।

এসএইচ/