সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৫:৪৭ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠেয় দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আয়োজকরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের শিবগঞ্জে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আয়োজক নেতৃবৃন্দ বলেন, খতমে নবুওয়ত ইসলামের মৌলিক আকিদার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী ও রাসুল—এ বিশ্বাস মুসলমানদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। পবিত্র কোরআন, হাদিস ও ইসলামের স্বীকৃত আকিদার আলোকে খতমে নবুওয়তের শিক্ষা সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরা, জনসচেতনতা সৃষ্টি এবং মুসলিম উম্মাহর মধ্যে দ্বীনি ঐক্য ও সচেতনতা জোরদার করাই এ মহাসম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন, জনসচেতনতা সৃষ্টি এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে আন্তর্জাতিক এ মহাসম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল সহযোগিতা কামনা করেন তারা।

সংবাদ সম্মেলন থেকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বৃহত্তর সিলেটের সর্বস্তরের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশ-বিদেশের মুসলমানদের মহাসম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আয়োজকরা আরও বলেন, মহাসম্মেলন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি, বিশৃঙ্খলা কিংবা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানান তারা।

আন্তর্জাতিক এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশন, পরিবহনসংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা সভাপতি মাওলানা শফিকুল হক সুরইঘাটী, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন রানাপিংগী, সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মহানগর সেক্রেটারি মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমতুল্লাহ সিদ্দিকী, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাঈদ আহমদ, এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা এরশাদ খান আল হাবিব ও মাওলানা নোমান সালেহ প্রমুখ।

পরিশেষে আগামী ১৪ ও ১৫ নভেম্বরের আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে সাংবাদিক, প্রশাসন, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

এসএইচ/