
|
গাজার শিশুদের দুর্ভোগ নিয়ে শক্তি প্রদর্শন দুর্বলতা ও বিবেকহীনতা: এরদোয়ান
প্রকাশ:
১২ নভেম্বর, ২০২৬, ০৯:৩৫ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক গাজার অসহায় শিশুদের দুর্ভোগকে শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহারের কঠোর নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, এটি শক্তির নয়, বরং দুর্বলতা ও অসহায়ত্বের পরিচয়। সর্বোপরি, এটি বিবেকহীনতার বহিঃপ্রকাশ। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরদোয়ান বলেন, গাজায় মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় উপত্যকাটির হাজার হাজার তাঁবু ও আশ্রয়কেন্দ্র পানিতে ডুবে গেছে। মাথা গোঁজার ঠাঁইহীন লাখো ফিলিস্তিনি, বিশেষ করে শীতে কাঁপতে থাকা নিষ্পাপ শিশুরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের অনেকেই মা-বাবা ছাড়াই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার লড়াই করছে। তিনি বলেন, মানবতার জন্য লজ্জাজনক এমন পরিস্থিতি যারা দেখছেন, জানছেন কিংবা প্রত্যক্ষ করছেন, তাদের কেউই দায় এড়াতে পারেন না। তুরস্কের প্রেসিডেন্ট গাজায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে উপত্যকাটিকে বিচ্ছিন্ন করে রাখার নীতি বন্ধ এবং ফিলিস্তিনিদের ওপর চলমান জুলুম ও নিষ্ঠুরতার অবসান ঘটানোর আহ্বান জানান তিনি। এরদোয়ান আরও বলেন, তুরস্ক গাজায় কনটেইনার পাঠাতে চাইলেও অনুমতি দেওয়া হচ্ছে না। অথচ ফিলিস্তিনিরা কাদাপানিতে ডুবে থাকা তাঁবুতে বসবাস করতে বাধ্য হচ্ছেন। তাদের জন্য একটি আশ্রয়কেন্দ্রও কি বরাদ্দ করা যায় না—এমন প্রশ্নও তোলেন তিনি। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন, গাজায় শুধু গণহত্যাই সংঘটিত হয়নি, পরিবেশবিনাশও ঘটেছে। শতবর্ষী জলপাইগাছ কেটে ফেলা হয়েছে, মাটি ও পানি দূষিত করা হয়েছে এবং শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সূত্র: মিল্লাত টাইমস আইও/ |