
|
বেফাকের জরুরি শূরা বৈঠক আজ
প্রকাশ:
১২ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর শূরা সদস্যদের জরুরি বৈঠক আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। বোর্ডের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, আওতাধীন মাদরাসাগুলোর জবাবদিহি নিশ্চিত করা এবং কওমি মাদরাসা শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে এ বৈঠক আহ্বান করা হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে বৈঠকটি বিকেল পর্যন্ত চলার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান। বৈঠক পরিচালনা করবেন বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এতে অংশগ্রহণের জন্য শূরা সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শূরার কয়েকজন সদস্য ওমরাহ পালন ও বিভিন্ন মাহফিলে অংশগ্রহণের ব্যস্ততায় থাকলেও অধিকাংশ সদস্য বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে বেফাকের গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা। এ সময় বোর্ডের সংশ্লিষ্ট কমিটির সদস্যরা বিগত সময়ের কার্যক্রম তুলে ধরবেন। পাশাপাশি বোর্ডের কার্যক্রমের অগ্রগতি, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বেফাকের আওতার বাইরে থাকা কওমি মাদরাসাগুলোকে বোর্ডের অধীনে নিয়ে আসার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। কওমি মাদরাসাগুলোর মধ্যে সমন্বয় জোরদার ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এসব প্রতিষ্ঠানকে বেফাকের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বেফাকের অধীন মাদরাসাগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম বা অপরাধ সংঘটিত হলে তা প্রতিরোধ ও প্রতিকারে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে মতবিনিময় হতে পারে। এ ক্ষেত্রে অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার বিষয়টিও আলোচনায় আসতে পারে। পাশাপাশি কওমি মাদরাসা ও আলেম-উলামাদের বিরুদ্ধে অপপ্রচার এবং বিদ্বেষমূলক কর্মকাণ্ড মোকাবিলায় করণীয় নির্ধারণের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে কওমি মাদরাসাগুলোর মধ্যে সমন্বয়, শৃঙ্খলা ও পারস্পরিক জবাবদিহি জোরদারের সুযোগ তৈরি হতে পারে। আইও/ |