
|
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি?
প্রকাশ:
১০ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ রাত
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক চিকিৎসার প্রয়োজনে অনেকেই দাঁতে ক্যাপ বা কৃত্রিম আবরণ লাগিয়ে থাকেন। এ অবস্থায় অজু ও ফরজ গোসল করলে তা শুদ্ধ হবে কি? দাঁতে ক্যাপ লাগানোর কারণে কি অজু-গোসলের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়? ইসলামি শরিয়তের বিধান মানুষের সাধ্য ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখেই নির্ধারিত হয়েছে। বিশেষ কোনো প্রয়োজন বা চিকিৎসার কারণে স্বাভাবিক বিধান পালনে অসুবিধা তৈরি হলে শরিয়তে সে ক্ষেত্রে বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বলা হয়েছে, وَالصَّرَّامُ وَالصَّبَّاغُ مَا فِي ظُفْرِهِمَا يَمْنَعُ تَمَامَ الِاغْتِسَالِ وَقِيلَ كُلُّ ذَلِكَ يُجْزِيهِمْ لِلْحَرَجِ وَالضَّرُورَةِ وَمَوَاضِعُ الضَّرُورَةِ مُسْتَثْنَاةٌ عَنْ قَوَاعِدِ الشَّرْعِ বিশেষ পেশাজীবীদের নখে লেগে থাকা রং বা উপাদান গোসল পূর্ণ হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তবে কষ্ট ও প্রয়োজনের বিবেচনায় এসব ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কেননা প্রয়োজন ও অসুবিধার স্থানগুলো শরিয়তের সাধারণ বিধানের ব্যতিক্রম হিসেবে বিবেচিত। (আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ১/১৩) এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, দাঁতে ক্যাপ লাগানো এবং হাতে নেইলপলিশ বা এমন প্রসাধনী ব্যবহার করা এক বিষয় নয়। নেইলপলিশ কিংবা শরীরের অন্য কোনো স্থানে ব্যবহৃত এমন প্রসাধনী, যা অজু বা গোসলের সময় পানি পৌঁছাতে বাধা দেয়, তা চিকিৎসাজনিত প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়। তাই এ ধরনের বস্তু ব্যবহার করে থাকলে অজু বা ফরজ গোসলের আগে তা দূর করে পানি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। অন্যদিকে দাঁতের ক্যাপ চিকিৎসার প্রয়োজনে লাগানো হয়। এটি খুলে পানি পৌঁছানো সাধারণত সম্ভব নয় এবং এতে চিকিৎসাগত অসুবিধাও হতে পারে। তাই এ দুটিকে একই বিধানের আওতায় বিবেচনা করার সুযোগ নেই। সুতরাং, চিকিৎসার প্রয়োজনে দাঁতে ক্যাপ লাগানো থাকলে অজু-গোসলের শুদ্ধতার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এ কারণে দাঁতের ক্যাপ খুলে ফেলারও প্রয়োজন নেই। এসএইচ/ |