
|
ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস
প্রকাশ:
০৯ নভেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল
নিউজ ডেস্ক |
সারাদিনের ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি ও বজ্রপাত। সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। এতে গরমের তীব্রতা কিছুটা কমে স্বস্তি ফিরেছে নগরজীবনে। অন্যদিকে, আগামী শীত মৌসুম নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। একই সঙ্গে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ও কক্সবাজারেও বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনাও ঘটেছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান দাঁড়িয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি। এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে, আগামী তিন মাসের শীতকালীন পূর্বাভাসে কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের ওপর দিয়ে ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে। তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে এবারের শীত মৌসুম স্বাভাবিকের তুলনায় কিছুটা উষ্ণ থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকায় শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। শীতের পাশাপাশি আগামী তিন মাসে ঘন কুয়াশা, বঙ্গোপসাগরে লঘুচাপ এবং ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসএইচ/ |