পোশাকশ্রমিকদের মানসম্মত জীবনযাপনের উপযোগী মজুরি দিন: পীর সাহেব চরমোনাই
প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, শ্রমিকের ঘাম ও শ্রমের ওপর দাঁড়িয়ে থাকা কোনো অর্থনীতি শ্রমিকের অধিকার উপেক্ষা করে টেকসই হতে পারে না। পোশাকশ্রমিকদের মানবিক ও মানসম্মত জীবনযাপনের উপযোগী মজুরি নির্ধারণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) গাজীপুর চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ গাজীপুর জেলা শাখা আয়োজিত ‘গাজীপুর ওলামা সামিটে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা গাজী আল মাহমুদ।

পীর সাহেব চরমোনাই বলেন, উৎপাদনের প্রধান শক্তি শ্রমিক। তাঁদের শ্রম ও ঘামেই পণ্য তৈরি হয়। শ্রমিকের বেদনা ও কষ্টের ওপর দাঁড়ানো কোনো অর্থনীতি টেকসই হতে পারে না। আধুনিক অর্থনীতির হিসাবেও শ্রমিকশ্রেণিকে বঞ্চিত করলে তাদের ক্রয়ক্ষমতা কমে যায়, ফলে সামগ্রিক অর্থনীতি স্থবির হয়ে পড়ে।

তিনি বলেন, ইসলাম শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে। এমনকি মালিকের সমমানের জীবনযাপন করতে পারে, এমন পারিশ্রমিক দেওয়ার কথাও বলেছে। যাদের শ্রম ও কষ্টে সম্পদ তৈরি হয়, তাদের প্রতি জুলুম করে কোনো অর্থনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব নয়।

পোশাকশ্রমিকদের জীবনযাত্রার দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, তাঁরা যে বেতন-ভাতা পান, তা দিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। দুই মাসেও মাছ-মাংস খেতে পারছেন না। কেউ কেউ মাছ-মাংসের গন্ধও ভুলে গেছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন। অথচ তাঁদের শ্রমের ওপরই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে।

তিনি আরও বলেন, সরকারকে শুধু ব্যবসা ও মালিকপক্ষের স্বার্থ বিবেচনা করলে চলবে না; খেটে খাওয়া শ্রমিকদের জীবনমান ও অধিকারও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পোশাকশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং তাঁদের মানসম্মত জীবনযাপনের উপযোগী মজুরি নির্ধারণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, এ ব্যবস্থায় শ্রমিক ও সাধারণ মানুষের প্রকৃত মুক্তি নেই। মানুষের মুক্তির একমাত্র সমাধান ইসলাম। ইসলামকে রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা আন্দোলন-সংগ্রাম করছেন। সমাজ সংস্কারেও উলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এসএইচ/