বেশি সম্পদ নয়, তৃপ্তি ও কৃতজ্ঞতাই প্রকৃত সফলতা: মসজিদে নববির খতিব
প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মানুষ সাধারণত সফলতা বলতে প্রাচুর্য, সম্পদ ও জীবনের নানা অর্জনকে বোঝে। কিন্তু ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা কেবল বেশি কিছু অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ঈমানের ওপর অবিচল থাকা, জীবন ধারণের জন্য পর্যাপ্ত রিজিক পাওয়া এবং আল্লাহর দেওয়া নিয়ামতে সন্তুষ্ট থাকাই প্রকৃত সফলতা।

গত শুক্রবার (৬ নভেম্বর) পবিত্র মদিনার মসজিদে নববিতে জুমার খুতবায় এসব কথা তুলে ধরেন খতিব শায়খ ড. হুসাইন আলে শায়খ।

খুতবায় তিনি বলেন, প্রত্যেক মানুষই সফলতা অর্জন করতে চায়। সফলতা হলো প্রিয় বিষয়গুলো লাভ করা এবং ভীতিকর বিষয়গুলো থেকে নিরাপদ থাকা। ইসলাম দুনিয়া ও আখিরাত—উভয় জীবনে প্রকৃত সফলতা অর্জনের পথ দেখিয়েছে।

এ প্রসঙ্গে তিনি সহিহ মুসলিমে বর্ণিত রাসুলুল্লাহ সা.-এর একটি হাদিস উল্লেখ করেন। রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘নিশ্চয়ই সে ব্যক্তি সফল হয়েছে, যে ইসলাম গ্রহণ করেছে, প্রয়োজন অনুযায়ী রিজিক পেয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট রেখেছেন।’

হাদিসের ব্যাখ্যায় খতিব বলেন, প্রকৃত সফলতা বেশি সম্পদ অর্জনের মধ্যে নয়; বরং জীবন ধারণের জন্য পর্যাপ্ত রিজিক পাওয়া এবং আল্লাহর দেওয়া নিয়ামতে সন্তুষ্ট থাকার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত। তাই মুমিনের জীবনে কৃতজ্ঞতা ও আত্মতৃপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খুতবায় লোভ-লালসার ভয়াবহতা সম্পর্কেও সতর্ক করেন শায়খ হুসাইন আলে শায়খ। এ প্রসঙ্গে তিনি সাহাবি আবদুর রহমান ইবনে আউফ (রা.)-এর কথা উল্লেখ করেন। তিনি তাওয়াফের সময় নিজের অন্তরের লোভ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং দোয়া করতেন, ‘হে আল্লাহ, আমাকে আমার নফসের লোভ থেকে রক্ষা করুন।’

খতিব আরও বলেন, কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ, অধিক পরিমাণে আল্লাহর জিকির, প্রতিদিন ক্ষমা প্রার্থনা এবং সম্মিলিতভাবে কল্যাণকর কাজে অংশগ্রহণ করা মুমিনের গুরুত্বপূর্ণ গুণ। এসব আমলের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি ও প্রকৃত সফলতার পথে এগিয়ে যেতে পারে।

খুতবার মূল বক্তব্যে তিনি মনে করিয়ে দেন, জীবনের সাফল্য কেবল প্রাপ্তির পরিমাণ দিয়ে পরিমাপ করা যায় না; বরং ঈমান, পর্যাপ্ত রিজিক, আত্মতৃপ্তি ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতাই একজন মানুষের প্রকৃত সফলতার পরিচয়।

সূত্র: দ্য গেট টু হারামাইন

আইও/