‘সেনা সদস্যের নিরাপত্তা না থাকলে জনগণের নিরাপত্তা দেবে কে’
প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৪২ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী ও সশস্ত্র অপরাধীদের গুলিতে সেনা সদস্য নিহত এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় এক পুলিশ সদস্যের হাত-পা ভেঙে রগ কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

তিনি বলেছেন, বর্তমানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জীবনও নিরাপত্তাহীনতার মুখে। যে দেশে সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জীবনের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চয়তা কে দেবে?

শনিবার (৭ নভেম্বর) বাদ জোহর বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, মানব পাচার ও মাদক ব্যবসার মতো ভয়াবহ অপরাধ নির্মূলে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। সশস্ত্র অপরাধী ও মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে।

তিনি তিন পার্বত্য জেলার নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী ভারী অস্ত্রসহ পর্যাপ্তসংখ্যক সেনা মোতায়েনের দাবি জানান। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

প্রসঙ্গত, কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী ও সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে গুলিবিদ্ধ হয়ে তিতাস শেখ (২৭) নামে এক সেনা সদস্য নিহত হন। অন্যদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক পুলিশ সদস্যের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ী চক্র। এতে তাঁর হাত-পা ভেঙে দেওয়া এবং রগ কেটে দেওয়ার ঘটনা ঘটে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা শেখ আজিমুদ্দীন ও মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতি আব্দুল বারী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, আতিকুল ইসলাম, মাওলানা তৌহিদুজ্জামান, মুফতি শিহাব উদ্দিন, মুফতি মোশাররফ হোসাইন রায়পুরী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান শরিয়তপুরী, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মাওলানা শেখ সাদী, মাওলানা মুশফিকুর রহমান জামাল ও মাওলানা মনিরুল ইসলাম চাঁদপুরীসহ কেন্দ্রীয় নেতারা।

আইও/