কওমি মাদরাসার পরিচালক ও দায়িত্বশীলদের সজাগ থাকার আহ্বান
প্রকাশ: ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩৭ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদরাসাগুলোকে ঘিরে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। তিনি বলেছেন, কওমি মাদরাসার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। এ জন্য দেশের সব কওমি মাদরাসার পরিচালক ও দায়িত্বশীলদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আরজাবাদ মাদরাসা মিলনায়তনে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের মজলিসে উমুমীর জলসায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, কওমি মাদরাসাগুলো দারুল উলূম দেওবন্দের চিন্তা ও চেতনার ভিত্তিতে পরিচালিত। এসব প্রতিষ্ঠান শুধু পাঠদানই করে না; বরং দেশ ও জাতির জন্য আদর্শ নাগরিক গড়ে তোলে। এখান থেকে গড়ে ওঠা শিক্ষার্থীরা ইসলাম, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিতপ্রাণ। প্রতিবছর হাজার হাজার দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক এসব প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে বের হচ্ছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কওমি মাদরাসার শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।

আকাবিরদের জীবন ও কর্ম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা কমে যাওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মাঝে আমাদের আকাবিরদের জীবনী নিয়ে আলোচনা প্রায় হয় না বললেই চলে। অথচ আকাবিরদের জীবন ও কর্মই আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণার উৎস।

মাদরাসা পরিচালনায় আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষকদেরও নিজ নিজ দায়িত্ব পালনে আরও সচেষ্ট হতে হবে।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে ইত্তেফাক সভাপতি বলেন, হিজবুত তাওহীদ, আহলে কুরআন, আহলে হাদিস ও মওদূদীবাদসহ বিভিন্ন বাতিল ফেরকার অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে। এসব গোষ্ঠী সম্মিলিতভাবে কওমি মাদরাসাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে তিনি উল্লেখ করেন।

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার সভাপতি ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জলসায় ইত্তেফাকভুক্ত বিভিন্ন মাদরাসার মুহতামিম ও দায়িত্বশীলরা অংশ নেন। স্বাগত বক্তব্য দেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সাধারণ সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

জলসায় বিভিন্ন মাদরাসার মুহতামিমরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর অপতৎপরতাসহ সমসাময়িক নানা বিষয়ে বক্তব্য দেন।

এদিকে জলসায় ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের নবম মারকাযী ইমতিহানের পুরস্কার বিতরণের তারিখ ঘোষণা করা হয়। আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। এবারের নবম মারকাযী ইমতিহানে ১৯৪টি পুরুষ ও মহিলা মাদরাসা থেকে মোট ৪ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

মাওলানা আখতারুজ্জামান কাসেমী ও মাওলানা ইলিয়াস হাসান কাসেমীর যৌথ পরিচালনায় জলসায় আরও বক্তব্য দেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর বোর্ডের নাযেমে ইমতিহান মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহসভাপতি মাওলানা আবুল বাশার নেমানী, মজলিসে আমেলার সদস্য মাওলানা আব্দুল লতিফ ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ঈসা কাসেমী, মাওলানা আবুল কালাম, মাওলানা সলিমুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সহকারী নাযেমে ইমতিহান মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নুরুল আলম ও মাওলানা আবু হানিফা কাসেমীসহ অনেকে।

আইও/