
|
ঢাকার দুই সিটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা
প্রকাশ:
০৭ নভেম্বর, ২০২৬, ০৭:১০ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলটির নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুরশিদ সিদ্দিকীকে মনোনয়ন দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মাওলানা মাহবুবুল হক শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর সাহেবজাদা। অন্যদিকে মাওলানা মুরশিদ সিদ্দিকী দলটির ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ সম্মেলনে সিটি করপোরেশন নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে দলের অবস্থান তুলে ধরা হয়। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা এবং নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়েও বক্তব্য দেন মাওলানা মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিস দলীয়ভাবে একক প্রার্থী ঘোষণা করলেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নির্বাচনী জোট বা সমঝোতার জন্য আলোচনার দরজা খোলা রাখা হয়েছে বলে জানিয়েছে তারা। প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন মেরুকরণের সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুপ্রতিম রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, বিশেষ করে ইসলামি রাজনৈতিক দল ও সংগঠনগুলো যদি ঐক্যের ভিত্তিতে বা কোনো সমঝোতার মাধ্যমে একক প্রার্থী দিতে চায়, তবে বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় আলোচনার জন্য প্রস্তুত। অন্যরা সাড়া দিলে সবাইকে নিয়ে বৃহত্তর ঐক্যবদ্ধভাবে স্থানীয় সরকার নির্বাচন মোকাবিলা করতে চায় দলটি।
একইসাথে বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন খেলাফত মজলিসের নেতারা। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দলীয় নির্বাচন কমিশন গঠন করে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। সদ্য ঘোষিত নির্বাচনের তফসিলেও নির্বাচন কমিশন সরকারি দলের মতামতকে প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। তবে সকল প্রতিকূলতা ছাপিয়ে শেষ পর্যন্ত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা হয়। আইও/ |