ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই
প্রকাশ: ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:০৬ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্যোগ জামায়াতে ইসলামীর ক্ষমতার লোভের কারণে ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি বলেছেন, ইসলামের নীতি ও আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করা গেলে দেশে শান্তি, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে ‘সীরাত গবেষক সংবর্ধনা ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামের নীতি ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই ইসলামি, বিশেষ করে কওমি ঘরানার দলগুলোকে এক জায়গায় আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ উদ্যোগে জামায়াতে ইসলামীসহ আরও দুই-একটি দলও যুক্ত ছিল। কিন্তু এককভাবে ক্ষমতায় যাওয়ার পরিবেশ তৈরি হয়েছে বুঝতে পেরে জামায়াত দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, এমনকি ইসলামের স্বার্থ বিসর্জন দিয়ে ঐক্যের সুন্দর পরিবেশ নষ্ট করেছে।

তিনি বলেন, গত ৫৫ বছর ধরে যে নীতি ও আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হতে দেখেছেন, সেই একই নীতি ও আদর্শের মাধ্যমে আবারও শান্তি প্রতিষ্ঠার আশা করা সম্পূর্ণ অমূলক ও অযৌক্তিক।

অনুষ্ঠানে উপস্থিত মা-বোন ও সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষের প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামের নীতি ও আদর্শ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

আইও/