বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা
প্রকাশ: ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:৪৭ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বরিশাল জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল নগরীর চাঁদমারী এলাকার এমসি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক। বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে জনকল্যাণমুখী, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে ঘোষিত প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌরসভা শাখার দায়িত্বশীল এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আইও/