
|
বোয়ালখালীতে টেম্পো-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৬
প্রকাশ:
০৭ নভেম্বর, ২০২৬, ০২:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আরকান সড়কের আপেল আহমদের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ ছয়জন গুরুতর আহত হন। আহতরা হলেন- পশ্চিম কধুরখীলের আবদুল মাঝির বাড়ির আহমদ মিয়ার ছেলে ইলিয়াস (৬৫), পটিয়ার চরকানাই এলাকার কাসেম মাস্টারের বাড়ির খায়ের আহমদের ছেলে অটোরিকশাচালক আনোয়ার হোসেন (৩২), পশ্চিম গোমদণ্ডীর গোয়াজ তালুকদারের বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে জেবল হোসেন (৭৫), কধুরখীলের আবদুল মাঝির বাড়ির ইলিয়াসের ছেলে এমরান (৩৮), এসকান্দরের ছেলে নেছারুল আলম (৫০) এবং ইলিয়াসের স্ত্রী ছেমনারা বেগম (৬০)। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মুল খাইর মারজান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছেন তারা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইও/ |