সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা
প্রকাশ: ০৭ নভেম্বর, ২০২৬, ১০:২৬ দুপুর
নিউজ ডেস্ক

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার অরাজনৈতিক আত্মশুদ্ধিমূলক ও মানবকল্যাণমূলক সংগঠন ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন’-এর ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও কুতুবুল আলম আল্লামা ছোলতান আহমাদ নানুপুরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কুমিল্লা জেলা মডেল মসজিদে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ছোলতান আহমাদ নানুপুরী (রহ.)-এর সুযোগ্য নাতি আল্লামা শাহ আনাস ছোলতানী পীর সাহেব নানুপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজর ইনস্টিটিউটের সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী এবং রেলওয়ে জামেয়া মাহমুদিয়া শাহজাহানপুর (ঢাকা)-এর মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরী।

সংগঠনের আমীর মুফতি শেখ মুহাম্মাদ নাঈম বিন আব্দুল বারীর পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাঈমুদ্দীন শামছীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস মুফতি নাঈমুল ইসলাম, কুমিল্লা মুরাদনগর বড় মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মঈনুদ্দিন, মুফতি মুসাদ্দেকুর রহমান আশরাফী, শায়েখ আব্দুল্লাহ আল মামুন মুস্তফী, মাওলানা নোমান আলমগীর ও মুফতি মানসুর আল মুকাদ্দাস প্রমুখ।

বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, আল্লামা ছোলতান আহমাদ নানুপুরী (রহ.) ছিলেন এক যুগসৃষ্টিকারী সংস্কারক। তাঁর ইলম ও আমল দ্বারা জাতি অনেক উপকৃত হয়েছে।

বক্তারা আরও বলেন, ইলম অর্জনের পাশাপাশি অন্তরের পরিশুদ্ধি অর্জনই মুমিনের সবচেয়ে বড় পুঁজি। বর্তমানে নানা ফিতনা ও বিভ্রান্তি মোকাবেলায় হক্কানি উলামায়ে কেরামের ঐক্যের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তাঁরা।

‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন’-এর প্রতিষ্ঠার ১৬ বছর পূর্তি উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আলেমদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এতে ‘আকাবির সম্মাননা-২০২৬’ পেয়েছেন আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী ও আল্লামা মুফতি নোমান বিন মাদানী, ‘হক্কানি আলিয়া আলেম সম্মাননা-২০২৬’ পেয়েছেন মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, ‘হক্কানি পীর সম্মাননা-২০২৬’ পেয়েছেন আল্লামা শাহ আনাস ছোলতানী পীর সাহেব নানুপুরী এবং ‘সচেতন কওমি আলেম সম্মাননা-২০২৬’ পেয়েছেন মাওলানা রুহুল আমীন সাদী।

এছাড়াও সংগঠনের ৩ জন কর্মঠ উপদেষ্টা এবং ১৭ জন নবীন-প্রবীণ কেন্দ্রীয় দায়িত্বশীলকে 'পাগড়ি সম্মাননা' প্রদান করা হয়।