
|
আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ:
০৬ নভেম্বর, ২০২৬, ০৩:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক গণহত্যা ও আলেম-ওলামার রক্তের দাগ আওয়ামী লীগের গায়ে লেগে আছে। এমন ফ্যাসিস্ট দলের এ দেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা গণহত্যা চালিয়েছে, আলেম-ওলামার রক্ত ঝরিয়েছে এবং মানুষকে মসজিদে ইবাদত পর্যন্ত করতে বাধা দিয়েছে, এ দেশে তাদের রাজনীতি করার সুযোগ নেই। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার বার্ষিক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মাদরাসাটির পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মাহফিলে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য ও বিভেদ থাকতে পারে। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্নে সবাই একমত। যারা গণহত্যা চালিয়েছে, আলেম-ওলামার রক্ত ঝরিয়েছে, তাদের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদীদের হাত থেকে দেশকে মুক্ত করতে ১৭ বছর লেগেছে। এ দীর্ঘ আন্দোলনে আলেম-ওলামারা রক্ত দিয়েছেন। শাপলা চত্বরেও আলেমরা রক্ত দিয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ইসলামবিদ্বেষী সরকারকে বিদায় করা সম্ভব হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু জুলাই-আগস্টেই জাতিসংঘের হিসাবে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। এর আগে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন, লাখ লাখ মানুষ নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। এসব ঘটনার জন্য যারা অনুতপ্ত নয় এবং দেশ ছেড়ে পালিয়েছে, তাদের প্রত্যাবর্তন কিংবা রাজনীতি করার সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না। জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ কেউ ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছেন। কিন্তু তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ডে ইসলামের প্রতিফলন নেই। নির্বাচনি ইশতেহারেও তাঁরা ইসলাম বা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা স্পষ্টভাবে উল্লেখ করেননি। মুখে এক কথা বলে, কাজে অন্য কিছু করছেন। ধর্মের নাম ব্যবহার করে তারা বরং জাতিকে বিভক্ত করছেন। তিনি বলেন, তারা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করেন। দেশের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়তে চান। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি সংবিধানে ইসলামি মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধান থেকে যেসব বিষয় বাদ দিয়েছিলেন, সেগুলো পুনঃস্থাপন করা হবে। সংবিধানে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাস যুক্ত করা হবে। সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে এ বিষয়টি ধারণ করেছিলেন। তাঁরা সেই দলের রাজনীতি করেন। এসএইচ/ |