
|
শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী
প্রকাশ:
০৬ নভেম্বর, ২০২৬, ০৯:২০ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের একটি আদিবাসী পরিবারে বেড়ে ওঠা তরুণী অ্যাঞ্জেলা। শৈশব থেকেই সৃষ্টিকর্তা, প্রার্থনা ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে নানা শিক্ষা পেয়েছেন পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে। বড় হওয়ার পর বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করেছেন। কিন্তু দীর্ঘ অনুসন্ধানেও নিজের প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর খুঁজে পাননি। অবশেষে ইসলামের একত্ববাদ ও জীবনদর্শনের মধ্যে খুঁজে পান তাঁর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উত্তর। পবিত্র কোরআন পাঠ ও ইসলামের শিক্ষা সম্পর্কে জানার পর ইসলাম গ্রহণ করেন তিনি। সম্প্রতি ‘অ্যাবাউট ইসলাম’কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে নিজের ইসলাম গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন অ্যাঞ্জেলা। সেখানে তিনি জানান, শৈশবের পারিবারিক শিক্ষা, বিভিন্ন ধর্ম সম্পর্কে অনুসন্ধান এবং একজন মুসলিমের সঙ্গে পরিচয় তাঁর ইসলামের পথে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অ্যাঞ্জেলার শৈশব কেটেছে যুক্তরাষ্ট্রের একটি আদিবাসী সংরক্ষিত এলাকায়। তাঁর পরিবার ছিল আধ্যাত্মিক চর্চায় অভ্যস্ত। ছোটবেলা থেকেই দাদা-দাদির কাছ থেকে সৃষ্টিকর্তা, প্রার্থনা ও জীবনযাপন সম্পর্কে নানা শিক্ষা পেয়েছেন তিনি। অ্যাঞ্জেলা জানান, পরিবারের বয়োজ্যেষ্ঠরা তাঁকে শেখাতেন, মানুষের প্রতিটি কাজ ও পদক্ষেপ যেন প্রার্থনার মতো হয়। অর্থাৎ শুধু নির্দিষ্ট সময়ে প্রার্থনা করাই নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্ত সৃষ্টিকর্তার স্মরণে পরিচালিত হওয়া উচিত। তাঁর বয়স যখন ১০ বছর, তখন অন্য আদিবাসী শিশুদের সঙ্গে তাঁকে একটি ক্যাথলিক আবাসিক বিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে প্রায় দুই বছর পড়াশোনা করেন তিনি। তবে ক্যাথলিক ধর্মের বিশ্বাস ও শিক্ষার সঙ্গে নিজের চিন্তাধারার মিল খুঁজে পাননি। বরং ওই সময়ই তাঁর মনে স্পষ্ট হয়, তিনি ক্যাথলিক নন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষ তাঁকে ধর্মীয় পরিচয় সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন। কিন্তু নিজের ধর্ম কী, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারতেন না অ্যাঞ্জেলা। কারণ, পরিবারে আধ্যাত্মিক চর্চা থাকলেও সেটির কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয় ছিল না। ফলে নিজের ধর্মীয় পরিচয় নিয়ে একসময় দ্বিধায় পড়েন তিনি। এই দ্বিধা থেকেই বিভিন্ন ধর্ম সম্পর্কে পড়াশোনা শুরু করেন অ্যাঞ্জেলা। যে ধর্ম সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন, সেটি গভীরভাবে বোঝার চেষ্টা করেছেন। কিন্তু বিভিন্ন ধর্মের বিশ্বাস ও মতবাদ সম্পর্কে জানতে গিয়ে তাঁর মনে আরও কিছু প্রশ্ন তৈরি হয়। বিশেষ করে সৃষ্টিকর্তার সঙ্গে মানুষের সম্পর্ক কী এবং মানুষ কীভাবে তাঁর ইবাদত করবে—এসব প্রশ্নের উত্তর খুঁজছিলেন তিনি। অ্যাঞ্জেলার ভাষ্য অনুযায়ী, তিনি কখনোই নিজেকে সৃষ্টিকর্তার সমতুল্য ভাবতে পারেননি। এ কারণে কিছু ধর্মীয় ধারণা তাঁর কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এভাবেই চলছিল তাঁর ধর্মীয় অনুসন্ধান। একপর্যায়ে একজন মুসলিম ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় ইসলামের কিছু বিষয় তাঁর কাছে পরিচিত মনে হতে থাকে। বিশেষ করে ওই ব্যক্তির জীবনযাপন ও ধর্মীয় অনুশীলনের সঙ্গে নিজের শৈশবের অনেক অভ্যাসের মিল খুঁজে পান তিনি। এতে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ আরও বেড়ে যায়। এরপর ইন্টারনেটের মাধ্যমে ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করেন অ্যাঞ্জেলা। ইসলামের একত্ববাদ, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় নির্দেশনা অনুসরণের বিষয়গুলো তাঁকে আকৃষ্ট করে। ইসলাম সম্পর্কে জানার এই সময়ে একদিন একটি মুদি দোকানে পুরোনো বইয়ের স্তূপ দেখতে পান তিনি। সেখানে ইসলামবিষয়ক বেশ কয়েকটি বই ছিল। সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান এবং মনোযোগ দিয়ে পড়তে শুরু করেন। একপর্যায়ে পবিত্র কোরআন পড়ার সিদ্ধান্ত নেন অ্যাঞ্জেলা। তবে শুরুতে কোরআনের কিছু বক্তব্য তাঁর মনে প্রশ্ন তৈরি করে। কারণ, সেসব বক্তব্যের সঙ্গে দাদা-দাদির কাছ থেকে শোনা কিছু বিশ্বাস ও ধারণার মিল খুঁজে পাচ্ছিলেন না তিনি। কিন্তু প্রশ্ন তৈরি হলেও পড়াশোনা বন্ধ করেননি। বরং ধীরে ধীরে কোরআনের শিক্ষা বোঝার চেষ্টা চালিয়ে যান।
অ্যাঞ্জেলা বলেন, কোরআন পড়তে পড়তে একসময় তাঁর কাছে অনেক বিষয় পরিষ্কার হতে শুরু করে। তিনি উপলব্ধি করেন, শৈশব থেকে পরিবারের কাছ থেকে পাওয়া যেসব আধ্যাত্মিক শিক্ষা ও জীবনাচরণের মধ্যে তিনি বেড়ে উঠেছেন, সেগুলোর অনেক কিছুর সঙ্গেই ইসলামের শিক্ষার গভীর মিল রয়েছে। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, একসময় তাঁর মনে হয়েছে, জীবনের দীর্ঘ একটা সময় তিনি এমন অনেক বিশ্বাস ও অনুশীলনের মধ্যেই কাটিয়েছেন, যেগুলো ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অথচ আগে সেগুলোকে ইসলামের সঙ্গে সম্পর্কিত বলে চিনতে পারেননি। এভাবে শৈশবের আধ্যাত্মিক শিক্ষা, বিভিন্ন ধর্ম সম্পর্কে অনুসন্ধান, একজন মুসলিমের সান্নিধ্য এবং পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে ইসলামের প্রতি তাঁর বিশ্বাস আরও গভীর হয়। শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন অ্যাঞ্জেলা। সূত্র: অ্যাবাউট ইসলাম এসএইচ/
|