ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি
প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫০ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে শায়খুল কুরআন ফাউন্ডেশন। ‘ডেঙ্গু নয়, সচেতনতা চাই’ স্লোগানে পরিচালিত এ উদ্যোগে পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধের উপায়, রোগের লক্ষণ ও চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরা হয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশিত সচেতনতামূলক বার্তায় বলা হয়েছে, ইসলাম পরিচ্ছন্নতা, পবিত্রতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। মানুষের জীবন রক্ষা এবং অন্যের ক্ষতি থেকে বিরত থাকা প্রত্যেকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এ দায়িত্ববোধ থেকেই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বার্তায় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, বোতল ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়া এবং পানির ট্যাংক ও ড্রাম ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ছাদ, বারান্দা, আঙিনা ও ছাদবাগনে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং পাত্রের ভেতর ঘষে পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মশার কামড় থেকে সুরক্ষায় দিনে-রাতে মশারি ব্যবহারের পাশাপাশি শিশু, নবজাতক, গর্ভবতী নারী ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ হিসেবে হঠাৎ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও অস্থিসন্ধিতে ব্যথা, বমি বমি ভাব এবং শরীরে লালচে দাগের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পেটে তীব্র ব্যথা, বারবার বমি, নাক-মাড়ি দিয়ে রক্তপাত, শ্বাসকষ্ট ও অতিরিক্ত দুর্বলতার মতো বিপৎসংকেত দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর কমে গেলেও বিপদমুক্ত মনে না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া, প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করানো, পর্যাপ্ত বিশ্রাম এবং পানি, খাবার স্যালাইন ও অন্যান্য তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছে ফাউন্ডেশন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর নিয়ন্ত্রণে প্যারাসিটামল সেবনের কথা বলা হয়েছে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন, আইবুপ্রোফেন ও ডাইক্লোফেনাকজাতীয় ওষুধ সেবন না করার ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে রোগমুক্তির জন্য হাদিসে বর্ণিত দুটি দোয়াও তুলে ধরা হয়েছে। পাশাপাশি পবিত্র কোরআনের সুরা বাকারার ১৯৫ নম্বর আয়াত এবং সহিহ মুসলিমের একটি হাদিসের আলোকে পরিচ্ছন্নতা ও জীবন রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, দোয়া ও চিকিৎসা পরস্পরের পরিপূরক। আল্লাহর ওপর ভরসা রাখার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে।

সচেতনতামূলক বার্তায় নিজে পরিচ্ছন্ন থাকা, বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া, পরিবার-প্রতিবেশীকে সচেতন করা এবং অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করার আহ্বান জানানো হয়েছে।

শায়খুল কুরআন ফাউন্ডেশন জানিয়েছে, মানবসেবা, জনসচেতনতা ও কল্যাণমুখী সমাজ গঠনের প্রত্যয়ে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

এসএইচ/