এবার ঢাকা বিভাগের ইমাম-খতিবদের প্রশিক্ষণ দেবে আস-সুন্নাহ
প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

দেশের আটটি বিভাগের ইমাম-খতিবদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ধাপের শেষ আয়োজন করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর অংশ হিসেবে আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর ঢাকা বিভাগের মসজিদগুলোর ইমাম ও খতিবদের নিয়ে পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা, ব্যক্তিত্বের বিকাশ, জনসমক্ষে বক্তব্য উপস্থাপন, সময় ব্যবস্থাপনা, আবেগীয় বুদ্ধিমত্তা, তথ্য যাচাইসহ দাওয়াহ ও সামাজিক নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ প্রায় ২০টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে ইমাম-খতিবদের দাওয়াতি দক্ষতা ও নেতৃত্বের যোগ্যতা সমৃদ্ধ করার পাশাপাশি নিজ নিজ এলাকার ইমাম-খতিবদের মধ্যে পারস্পরিক পরিচিতি, যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

প্রশিক্ষণে আদর্শ ইমামের বৈশিষ্ট্য ও গুণাবলি, নেতৃত্ব ও ব্যক্তিত্বের বিকাশ, দাওয়াহ ও মনস্তত্ত্ব, মসজিদকে কার্যকর ও উৎপাদনশীল করার কৌশল, দাওয়াহর কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তথ্য যাচাই, ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদ বিশ্লেষণ, কার্যকর যোগাযোগ ও সমাজ উন্নয়ন, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবিলার উপায়, অভিভাবকত্ব, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও দৈনন্দিন শরীরচর্চাসহ বিভিন্ন বিষয়ে পাঠ দেওয়া হবে।

এ ছাড়া বিজ্ঞানবাদ, ইসলাম ও বিজ্ঞানের সম্পর্ক এবং সমকালীন লিঙ্গ ও যৌনতা বিষয়ক বিতর্ক নিয়েও প্রশিক্ষণে আলোচনা থাকবে।

আবেদনের যোগ্যতা হিসেবে বর্তমানে ঢাকা বিভাগের কোনো মসজিদে ইমাম বা খতিব হিসেবে কর্মরত থাকার পাশাপাশি দাওরায়ে হাদিস, ফাজিল-কামিল অথবা ইসলাম কিংবা আরবি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষাগত ফলাফল, অভিজ্ঞতা, দাওয়াতি কার্যক্রম ও সামাজিক কাজে সম্পৃক্ততা বিবেচনা করে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। নির্বাচিতদের ফোনের মাধ্যমে জানানো হবে।

আগ্রহীদের আগামী ২০ নভেম্বর শুক্রবারের মধ্যে নির্ধারিত গুগল ফর্মে আবেদন করতে হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের দিন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সর্বশেষ পরীক্ষার সনদ বা নম্বরপত্র এবং সংশ্লিষ্ট মসজিদের সিল ও স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে।

আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর (শনিবার থেকে বুধবার) ঢাকার আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ঠিকানা: প্লট ৬২, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।

আগ্রহীরা https://asf.sh/9thImam এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

৯ম ইমাম প্রশিক্ষণ (ঢাকা বিভাগ)

এসএইচ/