নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের প্রতি কঠোর পদক্ষেপের আহ্বান জমিয়তের
প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৬, ০১:৪৯ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, তেল ও গ্যাসের অতিরিক্ত মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম দুর্বিষহ করে তুলেছে। এই সংকট নিরসনে সরকারকে অবিলম্বে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মাহবুবুল আলম কাসেমী এবং সাধারণ সম্পাদক মুফতি নূরুল আলম ইসহাকী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

জ্বালানি সংকট ও মূল্য হ্রাসের দিকে নজর দিয়ে বিদ্যুৎ, তেল এবং গ্যাসের দাম অবিলম্বে হ্রাস করার আহ্বান জানিয়ে নেতাদ্বয় বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে। চাল, ডাল, তেলসহ দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনতে বাজার সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে, যাতে সাধারণ মানুষ ও শিল্প উৎপাদন স্বস্তি পায়।

নেতাদ্বয় আরও বলেন, জনদুর্ভোগ নিরসনে কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে; দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। অনতিবিলম্বে এসব মৌলিক সংকট সমাধান না করলে জনগণের অসন্তোষ আরও তীব্র হবে।

জনগণের মৌলিক অধিকার রক্ষা ও জীবনের স্বস্তি ফেরাতে সরকারের উচিত কালবিলম্ব না করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা বলেও মন্তব্য করেন তাঁরা।

আইও/