মাধবপুরে শিশুদের পাঠদানে অংশ নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 
প্রকাশ: ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ রাত
নিউজ ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিশু শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষের মেঝেতে বসে পাঠদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটিয়ে বিদ্যালয়ে তৈরি করেন আনন্দঘন পরিবেশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মাধবপুর উপজেলার আলহাজ এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান প্রতিমন্ত্রী। এ সময় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উপস্থিতিতে তাকে অভ্যর্থনা জানানো হয়।

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে সরাসরি অংশ নেন। প্রায় তিন ঘণ্টা বিদ্যালয়ে অবস্থানকালে শিশুদের পড়াশোনা, মেধা বিকাশ ও শেখার আগ্রহ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি শ্রেণিকক্ষের পাঠদান পর্যবেক্ষণ এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ ও বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এছাড়া মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মো. সেলিম, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমানসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এসএইচ/