নিউইয়র্কের আইনসভায় ইতিহাস গড়লেন হিজাবি নারী আবের কাওয়াস
প্রকাশ: ০৪ নভেম্বর, ২০২৬, ০৩:১৫ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আবের কাওয়াস। তিনি অঙ্গরাজ্যটির আইনসভার প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে হিজাব পরিহিত প্রথম নারী হিসেবেও আইনসভায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ১২ নম্বর নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান কাওয়াস। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৯০ শতাংশ ভোট গণনা শেষে তিনি পেয়েছেন মোট ভোটের ৭৫ শতাংশ।

বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কাওয়াস লেখেন, ‘আমরা ইতিহাস গড়েছি।’

নির্বাচনী প্রচারণায় ‘মর্যাদায় বিনিয়োগ, ধ্বংসের বিরুদ্ধে লড়াই’ স্লোগান সামনে রাখেন তিনি। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, দ্রুত ও নির্ভরযোগ্য গণপরিবহন এবং সাশ্রয়ী আবাসনব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং যুদ্ধে অর্থায়ন বন্ধের পক্ষে অবস্থান নেন তিনি।

কাওয়াস ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) সদস্য। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেসওম্যান রাশিদা তালিবসহ প্রগতিশীল রাজনীতিকেরা তাঁর প্রতি সমর্থন জানিয়েছিলেন।

রাজনীতিতে আসার আগে ১৫ বছরের বেশি সময় ধরে শ্রমিকদের অধিকার, অভিবাসী সম্প্রদায় এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সংগঠক হিসেবে কাজ করেছেন কাওয়াস।

উল্লেখ্য, এবারের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম প্রার্থীদের একাধিক বিজয় আলোচনায় এসেছে। প্রতিনিধি পরিষদে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন মুসলিম নারী কংগ্রেসওম্যান ইলহান ওমর ও রাশিদা তালিব। অন্যদিকে মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল আল-সাইয়েদের বিজয়ের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। সব মিলিয়ে মার্কিন রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে এবারের নির্বাচন নতুন মাত্রা যোগ করেছে।

এসএইচ/