প্রায় ২০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মসজিদুল হারামের দুষ্প্রাপ্য ৮টি পাথর
প্রকাশ: ০৪ নভেম্বর, ২০২৬, ০১:৫৮ দুপুর
নিউজ ডেস্ক

ইমরান ওবাইদ, আন্তর্জাতিক ডেস্ক

মসজিদুল হারামের দরজার ডানপাশে শাআজারওয়ানের নিচে রয়েছে ঐতিহাসিক দুষ্প্রাপ্য আটটি পাথর। হারামের নিকটে গেলে যেকোরো নজর কাড়ে পাথরগুলো। হলুদ-বাদামি রঙের ছোট মার্বেল বা অ্যালাবাস্টার পাথরগুলোকে সম্মিলিতভাবে মুসাল্লা জিবরীল বা মেরি স্টোন বলা হয়। এই পাথরগুলোর সঙ্গে রয়েছে ২০০ বছর আগে হারিয়ে যাওয়ার এক বিরল ইতিহাস।

১২১৩ হিজরি সনে এই মার্বেল পাথরগুলো চুরি হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় পর এক অজ্ঞাতনামা মৃত ব্যক্তির লাশের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে ১৩৭৭ হিজরি সনে পাথরগুলোকে সযত্নে পুনরায় কাবা শরিফে প্রতিস্থাপন করা হয়।

'মেরি স্টোন' নামে পরিচিত এই পাথরগুলো প্রায় ৮০৭ বছরের পুরোনো। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ৬৩১ হিজরি সনে বিশিষ্ট মুসলিম শাসক আবু জাফর আল-মনসুর এই পাথরের টুকরোগুলো মসজিদুল হারামে দান করেছিলেন। এর ঈষৎ হলদে-বাদামি রঙের কারণে পুরো বিশ্বে এটি অত্যন্ত দুর্লভ মার্বেল পাথর হিসেবে বিবেচিত হয়।

এই আটটি পাথরের মধ্যে সবচেয়ে বড় টুকরোটির দৈর্ঘ্য প্রায় ৩৩ সেন্টিমিটার এবং প্রস্থ প্রায় ২১ সেন্টিমিটার। এই পাথরগুলো কাবার সেই স্থানে স্থাপন করা হয়েছে, যেখানে হযরত জিবরাইল (আ.) স্বয়ং উপস্থিত হয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নামাজের নিয়ম-কানুন শিক্ষা দিয়েছিলেন।

হাদিসে বর্ণিত আছে, নবীজি (সা.) বলেছেন, ফেরেশতা জিবরাইল (আ.) মসজিদুল হারামে তাঁকে সালাতের ইমামতি করেছিলেন। জিবরাইল (আ.) তাঁর সঙ্গে আসর, মাগরিব, এশা ও ফজর সালাত আদায় করেন। এরপরের দিন তিনি জোহর সালাতসহ নির্দিষ্ট সময়ে সব ওয়াক্তের সালাত শিক্ষা দেন।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/