লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের উদ্বোধন
প্রকাশ: ০৩ নভেম্বর, ২০২৬, ০৪:২৩ দুপুর
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা এবং নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে নভেম্বর ২০২৬-কে দাওয়াতি মাস ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। কেন্দ্রঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাজ্যের লন্ডনে দাওয়াতি মাসের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন ভূঁইয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখার সহসভাপতি শায়খ মাওলানা নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ।

সভায় আরও উপস্থিত ছিলেন লন্ডন মহানগর শাখার সহসভাপতি মাওলানা মুহিউদ্দীন খান ও আলহাজ মুহাম্মদ বুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহবাবুর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ মুহাম্মদ শাহজাহান সিরাজ প্রমুখ।

সভায় দাওয়াতি মাসে ব্যাপক সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে ব্যক্তিগত ও দলীয় পর্যায়ে পরিকল্পিতভাবে দাওয়াতি কার্যক্রম চালানোর পাশাপাশি লন্ডনে নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

এসএইচ/