জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
প্রকাশ: ০৩ নভেম্বর, ২০২৬, ০৪:১৬ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামিক স্কলার ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করছে না মালয়েশিয়া সরকার। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতিও দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত ও মালয়েশিয়ার মধ্যে ২০১০ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং দেশটির ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান বিবেচনায় নিয়ে এ অবস্থান নিয়েছে সরকার।

সংসদে দেওয়া এক লিখিত বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাকির নায়েককে ভারতে পাঠানোর বিষয়ে নতুন করে কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদনও পায়নি মালয়েশিয়া। তাকে প্রত্যর্পণ না করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে। ফলে ভারতের কাছে তাকে হস্তান্তরের কোনো প্রতিশ্রুতি দেওয়ার প্রশ্নও আসে না।

সংসদ সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাকির নায়েককে ফেরত চেয়ে ভারতের সর্বশেষ আনুষ্ঠানিক আবেদন কবে এসেছে এবং দেশটির দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার প্রচলিত আইন ও দুই দেশের চুক্তির শর্ত পূরণ করে কি না, তা জানতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য।

প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার ২০১৮ সালের ১৯ জানুয়ারি প্রথম আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। পরে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোট পাঠিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় নয়াদিল্লি।

গত সেপ্টেম্বরে বিষয়টি নিয়ে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে জাকির নায়েকের প্রত্যর্পণ প্রসঙ্গ আলোচনায় এসেছিল বলে সংবাদ প্রকাশিত হলে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেন দেশটির বিরোধী দলের নেতারা।

মালয়েশিয়ার বিরোধী দল পাসের মহাসচিব দাতুক সেরি তাকিউদ্দিন হাসান দুই প্রধানমন্ত্রীর বৈঠকে এ বিষয়ে কী আলোচনা হয়েছে এবং কোনো সমঝোতা হয়েছে কি না, তা প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি ভারতের দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার প্রত্যর্পণ আইনের শর্ত পূরণ করে কি না, সেটিও স্পষ্ট করার দাবি তোলেন তিনি।

উল্লেখ্য, অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে জাকির নায়েককে ভারতে ফিরিয়ে নিতে চায় দেশটির সরকার। তবে এসব অভিযোগের ভিত্তিতে প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়ার আইনি অবস্থান এখনো অপরিবর্তিত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং এ বিষয়ে তাদের অবস্থানও বদলায়নি।

এসএইচ/