
|
জাপানের আয়া সোফিয়া মসজিদে আজান দিলেন এরদোগানের ছেলে
প্রকাশ:
০৩ নভেম্বর, ২০২৬, ১১:০৪ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের আদলে জাপানের সুশিমা শহরে নির্মিত আয়া সোফিয়া মসজিদে আজান দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ছেলে বিলাল এরদোগান। সম্প্রতি জাপান সফরের সময় তাঁর আজান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২ নভেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক ২ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ করে। এতে বিলাল এরদোগানকে সুমধুর কণ্ঠে আজান দিতে শোনা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। বিলাল এরদোগান তুরস্কের ইলিম ইয়ায়মা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। পাশাপাশি তিনি ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর জাপান সফরে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সফরের অংশ হিসেবে টোকিওতে ‘সুলতান দ্বিতীয় আবদুল হামিদের আমলে তুরস্ক-জাপান সম্পর্ক ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন তিনি। টোকিও ইউনুস এমরে ইনস্টিটিউট, ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় ও তুজিয়াদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সংশ্লিষ্ট একটি আলোকচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করেন তিনি। এ ছাড়া টোকিও মসজিদ পরিদর্শন করেন বিলাল এরদোগান। জাপানের মধ্যাঞ্চলীয় সুশিমা শহরে অবস্থিত আয়াসোফিয়া মসজিদটি দেশটির অন্যতম বৃহৎ ইসলামি কমপ্লেক্স। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া মসজিদটির স্থাপত্যে ঐতিহ্যবাহী অটোমান ও তুর্কি শিল্পরীতির প্রভাব রয়েছে। গম্বুজ, মিনার ও দৃষ্টিনন্দন অভ্যন্তরীণ কারুকাজে মসজিদটি বিশেষ আকর্ষণ তৈরি করেছে। মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয়; জাপানে বসবাসরত তুর্কি ও স্থানীয় মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিক মিলনকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সম্প্রীতি গড়ে তুলতেও ভূমিকা রাখছে এটি। সূত্র: ইয়েনি শাফাক আইও/ |