ঢাকায় ১৮ নভেম্বর খতমে নবুওয়াত জাতীয় সেমিনার
প্রকাশ: ০৩ নভেম্বর, ২০২৬, ০৯:৪১ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খতমে নবুওয়াত জাতীয় সেমিনার’। পবিত্র সীরাতুন্নবী সা. ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ প্রকাশনা উপলক্ষে আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হবে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।

সীরাতুন্নবী সা. ও আকিদায়ে খতমে নবুওয়াতের গুরুত্ব, তাৎপর্য এবং সমকালীন প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা তুলে ধরতে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন। অনুষ্ঠানটির আয়োজক ‘সীরাতুন্নবী সা. ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ বাংলাদেশ’।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারত থেকে আগত জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি কায়েদে মিল্লাত আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ।

আয়োজক সূত্রে জানা গেছে, আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী ও সদস্যসচিব মুফতি হাফীজুদ্দীনের নিরলস প্রচেষ্টা ও সার্বিক তত্ত্বাবধানে সেমিনারে হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশী কাসেমীসহ দেশের অর্ধশতাধিক বরেণ্য আলেম-উলামা ও মাশায়েখ অতিথি হিসেবে যোগ দেবেন।

এ উপলক্ষে ‘সীরাতুন্নবী সা. ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’ প্রকাশেরও উদ্যোগ নেওয়া হয়েছে। স্মারকগ্রন্থটিতে সীরাতুন্নবী সা. ও আকিদায়ে খতমে নবুওয়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার পাশাপাশি তা সংরক্ষণ এবং পাঠক ও গবেষকদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে।

সেমিনারে অংশগ্রহণের জন্য দেশের আলেম-উলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী গবেষক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

আইও/