
|
হারামাইনের সেবার মান বাড়াতে সৌদির নতুন উদ্যোগ
প্রকাশ:
০৩ নভেম্বর, ২০২৬, ০৮:২১ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ধর্মীয় সেবার মান উন্নয়ন ও কার্যক্রম আরও গতিশীল করতে নতুন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা চালু করেছে দেশটির সরকার। এর মাধ্যমে দুই পবিত্র মসজিদের ধর্মীয় কার্যক্রম, শিক্ষা, দাওয়াত ও দর্শনার্থীদের দিকনির্দেশনামূলক সেবায় সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। সোমবার (২ নভেম্বর) দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান শেখ ড. আবদুর রহমান আস-সুদাইস এ নতুন ব্যবস্থার উদ্বোধন করেন। নতুন ব্যবস্থায় তিনটি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। এগুলো হলো—রিলিজিয়াস অ্যাফেয়ার্স এনডাউমেন্ট, মাআসির হারামাইন চ্যারিটেবল ফাউন্ডেশন এবং হিদায়াতুল কাসিদিন কোম্পানি। প্রতিটি প্রতিষ্ঠানকে পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে বিনিয়োগ ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদি অর্থায়ন এবং ধর্মীয় প্রকল্প ও সেবার তদারকি ও বাস্তবায়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এ উদ্যোগের আওতায় পবিত্র কোরআন শিক্ষা ও পাঠ কার্যক্রম, ইসলামী শিক্ষা, সচেতনতামূলক প্রচারাভিযান এবং দুই পবিত্র মসজিদে আগত দর্শনার্থীদের ধর্মীয় দিকনির্দেশনামূলক সেবা আরও সম্প্রসারণ করা হবে। নতুন ব্যবস্থায় আর্থিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন ধর্মীয় সেবার কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এ প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবার মান উন্নত হবে এবং দীর্ঘমেয়াদে এসব কার্যক্রম পরিচালনায় আরও টেকসই অর্থনৈতিক ভিত্তি তৈরি হবে। সূত্র: ইসলামিক ইনফরমেশন আইও/ |