
|
‘ক্ষমতার ভাগ নয়, দেশ ও মানুষের কল্যাণই ইসলামী আন্দোলনের লক্ষ্য’
প্রকাশ:
০২ নভেম্বর, ২০২৬, ১১:২১ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের রাজনীতিতে একটি শক্তিশালী ও স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, গত ১৫ বছরের রাজনৈতিক বাস্তবতা ও বিভিন্ন জোটের প্রলোভন উপেক্ষা করে দলটি নিজস্ব অবস্থান ধরে রেখেছে। এমপি-মন্ত্রী হওয়া কিংবা ক্ষমতার ভাগ-বাটোয়ারা নয়; বরং দেশ, ইসলাম ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। রোববার (১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। চরমোনাই পীর বলেন, ইসলাম প্রতিষ্ঠা ও মানবতা রক্ষার জন্য আর কত মায়ের কান্না শুনতে হবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে। ভালো নির্বাচনী ফল অর্জনে সময় লাগবে—এটা তারা জানেন। তবে তাদের রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের জন্য নয়; বরং ইসলাম ও মানুষের কল্যাণের জন্য। দেশের ইসলামপন্থি দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন অন্যতম প্রধান শক্তি হিসেবে অবস্থান তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, দলটির লক্ষ্য যদি কেবল সংসদ সদস্য বা মন্ত্রী হওয়া হতো, তাহলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেই তা সম্ভব ছিল। জামায়াতের সঙ্গে থাকলে ২০-৩০ জন সংসদ সদস্য ও দু-একজন মন্ত্রী হওয়ার সুযোগ তৈরি হতে পারত। বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকেও এমন প্রস্তাব ছিল। তিনি বলেন, ক্ষমতার মোহে না পড়ে জনগণের ভোটাধিকার ও ইসলামের পক্ষে স্বতন্ত্রভাবে রাজনীতির মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। প্রতিকূল পরিস্থিতিতেও সাধারণ মানুষের কাছ থেকে প্রায় সাড়ে ২২ লাখ একক ভোট পাওয়া দলটির জন্য বড় অর্জন। বরিশালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান সাংগঠনিক কেন্দ্র উল্লেখ করে চরমোনাই পীর বলেন, বরিশালের একজন মানুষও যেন ইসলামী আন্দোলনের বাইরে না থাকেন। দেশে স্থায়ী শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় দলমত-নির্বিশেষে সবাইকে ইসলামী আন্দোলনের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপক লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ ছাড়া বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা জামিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান ও সহসভাপতি মাসছুল আলম মিলন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দাওয়াতি মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এ দাওয়াতি কার্যক্রম ও সদস্য সংগ্রহ অভিযান চলবে বলে জানানো হয়। আইও/ |