জুলাই সনদ বাস্তবায়ন ও কওমি সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির দাবি খেলাফত মজলিসের
প্রকাশ: ০১ নভেম্বর, ২০২৬, ০৮:১৮ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং কওমি মাদরাসার সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে কুড়িগ্রামে গণসমাবেশ করেছে খেলাফত মজলিস।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় কুড়িগ্রাম শহরের শহীদ মিনার ও শাপলা চত্বর এলাকায় জেলা খেলাফত মজলিসের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা শাখার সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু।

সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাস্টার মো. সিরাজুল ইসলাম, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিসের রংপুর বিভাগের সহকারী জোন পরিচালক মো. সবেবর রহমান ও অধ্যক্ষ এ কে এম গোলাম আযম, রংপুর মহানগর সভাপতি উপাধ্যক্ষ মো. তৌহিদুর রহমান মণ্ডল রাজু, রংপুর জেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, আহমদ আলী, জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা সভাপতি মুকুল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে বক্তারা গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবি জানান। পাশাপাশি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা, মাদক নির্মূল, অপরাধ দমন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ ছাড়া কওমি মাদ্রাসাগুলোতে সরকারি আর্থিক সহায়তা প্রদান, কওমি সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতি ও সনদধারীদের সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করারও দাবি তোলেন বক্তারা।

আইও/