একজন জাতীয় অভিভাবক ড. ইয়াহইয়ার রহমান
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৫:২১ বিকাল
নিউজ ডেস্ক

|| খালিদ ইয়াহইয়া || 

প্রফেসর ড. এ. এইচ. এম. ইয়াহইয়ার রহমান ১৯৪৯ সালের ফেব্রুয়ারি মাসে ওনার নানা বাড়ী খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সর্বদক্ষিণের সুন্দরবনসংলগ্ন গোলখালী গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তবে বেড়ে ওঠেন এবং বসতি স্থাপন করেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামে। তাঁর পিতার নাম হাফেজ সুলতান উদ্দিন সরদার, আর মায়ের নাম আমিনা সুলতানা। পরিবারে ৭ সন্তানদের মাঝে (পাঁচ ভাই, দুই বোন) তিনি সর্ব জ্যেষ্ঠ পুত্র সন্তান ছিলেন। শৈশবে উনার পড়ালেখার হাতেখড়ি হয় নিজ গ্রামে। পরবর্তীতে শিক্ষার উদ্দেশ্যে তিনি দূরবর্তী গ্রামগুলোতে বসবাস করতে থাকেন। শৈশব থেকেই তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত, শান্ত স্বভাব, পরোপকারী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

১৯৬১ সালে তিনি সাতক্ষীরা জেলার বন্দরকাঠি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও পরবর্তীতে ১৯৬৫ ও ১৯৬৭ সালে আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে আলিম ও ফাযিল পরীক্ষায় উত্তীর্ণ হন। আলিম পরীক্ষায় তিনি মাদ্রাসা বোর্ডে ১২তম স্থান অধিকার করেন ও বোর্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত হন। ১৯৬৯ সালে তিনি স্বনামধন্য শর্ষিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় (হাদীস বিভাগ থেকে) প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং ষষ্ঠ স্থান অধিকার করেন। ১৯৭২ সালে একই মাদ্রাসা থেকে আবার কামিল পরীক্ষায় (ফিকহ বিভাগ থেকে) প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং চতুর্থ স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি আবারও কৃতিত্বের সাথে সরকারী আলিয়া মাদ্রাসা ঢাকা থেকে কামিল পরীক্ষায় (তাফসির বিভাগ থেকে) প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং 'কামিল ট্রিপল' সম্পন্ন করেন।

সকল ধরনের পড়ালেখার প্রতি আকর্ষণ থাকায় মাদ্রাসা শিক্ষার পাশাপাশি ১৯৭১ সালে তিনি সরকারি নাজিমউদ্দিন কলেজ, মাদারীপুর থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তৎকালীন সময়ে পাবলিক পরীক্ষায় প্রচুর নকলের প্রচলন থাকলেও পুরো পরীক্ষা কেন্দ্রে ড. ইয়াহইয়ার রহমান ছিলেন একমাত্র ব্যতিক্রম। নিজের আগ্রহ ও যোগ্যতায় তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন, মেধার সাক্ষ্যর রাখেন এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন, যা শিক্ষকমন্ডলী ও অবশিষ্ট পরীক্ষার্থীদের দৃষ্টি আকৃষ্ট করে।

শর্ষিনা মাদ্রাসায় শিক্ষক থাকা অবস্থায় শিক্ষকতার চাকুরি ছেড়ে ঢাকায় গমন করেন ও আবার পড়াশোনা শুরু করেন। তিনি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে অনার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন ও বৃত্তিপ্রাপ্ত হন। একই বিভাগ থেকে ১৯৭৫ সালে তিনি মাস্টার্সে (থিসিস গ্রুপে) প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং কলা অনুষদে প্রথম (ফ্যাকাল্টি ফার্স্ট) হন। পরবর্তী বছর ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন এবং প্রথম শ্রেণীতে পঞ্চম স্থান অধিকার করেন ও বৃত্তিপ্রাপ্ত হন।

১৯৮২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধীনে প্রফেসর ড. মোহাম্মাদ এছহাকের তত্ত্বাবধানে এমফিল ডিগ্রী সমাপ্ত করেন। এরপর সৌদি আরব সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 'এরাবিক এক্সপার্ট' হিসেবে রিয়াদ গমন করেন। সেখানে পূর্ণকালীন চাকুরির পাশাপাশি তিনি পড়ালেখা ও গবেষণা কর্মে মনোনিবেশ করেন। যার ফলে ১৯৮৪ সালে রিয়াদের কিং সউদ ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইন এরাবিকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ মুস্তাফিজুর রহমান স্যারের তত্ত্বাবধায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন।

ড. ইয়াহইয়ার রহমানের কর্মজীবন শুরু হয় ছাত্র থাকাকালীন সময়েই। ১৯৬৯ সালে কামিল পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই তিনি মাদারীপুর আহমাদিয়া আলিয়া কামিল মাদ্রাসায় তৃতীয় মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। এক বছর সেখানে শিক্ষকতার পর শর্ষিনা মাদ্রাসায় ফিরে তিনি সিনিয়র মুহাদ্দিস হিসেবে ১৯৭০ থেকে ১৯৭২ পর্যন্ত পাঠদান করেন। পরবর্তীতে ঢাকায় ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সমাপ্ত করে ১৯৭৮ সালে সরকারি কারমাইকেল কলেজ, রংপুরে লেকচারার হিসেবে যোগদান করেন। এরপর ১৯৭৯ সালে সরকারি কবি নজরুল কলেজ, ঢাকাতে লেকচারার হিসেবে যোগদান করেন এবং দুই বছর শিক্ষকতা করেন।

১৯৮১ সালে বাংলাদেশের সরকারী চাকুরি (বিসিএস শিক্ষা ক্যাডার) থেকে ইস্তফা দিয়ে সৌদি আরব সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে 'এরাবিক এক্সপার্ট' হিসাবে রিয়াদ গমন করেন এবং সেখানে আট বছর অবস্থান করেন। সৌদি আরবে থাকাকালীন সময়ে বাংলাদেশি কমিউনিটির মাঝে নিয়মিত তাফসির পরিচালনা করতেন এবং সৌদি সরকার ও জনগণের নিকট বাংলাদেশি কমিউনিটিকে একটি মর্যাদাবান, কর্মঠ ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিত ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে সক্রিয় অবদান রাখেন।

বিদেশে লোভনীয় চাকুরি ছেড়ে দেশের টানে ১৯৮৯ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। ১৯৯১ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদান করেন। তিনি একই সাথে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং দাওয়াহ এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে দেশের খুবই ক্রান্তিলগ্নে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ছিলেন। একই সময় তিনি অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাজীবী সংগঠন 'গ্রীন ফোরাম' এর একাধিকবার সভাপতি ছিলেন।

তিনি দীর্ঘকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি কয়েক বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (IIER) এর পরিচালক ছিলেন। জাতীয় পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৫ সালে তিনি "শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় শিক্ষক" হিসেবে বিবেচিত হন ও সরকার কর্তৃক বিশেষ পুরস্কার প্রাপ্ত হন।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় স্টাডিজ জার্নালের চারটি ভলিউমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে সমাবর্তন স্মারক (Brochure) এর সম্পাদক হিসেবে ১৯৯২ এবং ২০০৪ সালে দায়িত্ব পালন করেন।

ড. ইয়াহইয়ার রহমানের বেশ কয়েকটি গবেষণাপত্র আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে প্রকাশিত হয়। ভারতের প্রসিদ্ধ জার্নাল আল বা'ছ আল ইসলামীতে "বাংলাদেশে ইসলাম কখন এসেছে" শিরোনামে একটি গবেষণা কর্ম দুই পর্বে প্রকাশিত হয়।

তাঁর উল্লেখযোগ্য আরো কয়েকটি গবেষণাপত্রের নাম:

"বাংলাদেশে ইসলামী শিক্ষা: সমস্যা ও তার সমাধান"; "মুসলিম বিশ্ব: অধঃপতনের কারণ ও তার প্রতিকার"; "অমুসলিমদের কুরআন চর্চা"; "আল্লামা নিয়ায মাখদুম: বাংলাদেশে হাদিস শিক্ষাদানে তাঁর অবদান"; "বিশ্ব সভ্যতায় বিস্ময়কর দুজন মুসলিম মনীষীর অবদান: প্রেক্ষিত আন্তর্জাতিক ইসলামী সম্মেলন ১৯৯৮"; "সামাজিক অবক্ষয় ও মাদকারোধে ইসলামের দৃষ্টিভঙ্গি"; "মহানবী (স:)-এর আদর্শই সকল সমস্যাবলীর একমাত্র সমাধান"; "সুরা ফাতিহার তাফসীর: তুলনামূলক আলোচনা"; "জুম'আর খুতবা"; "Al-Qur’an: An Unparalleled Constitution"; "Satire in Arabic Poetry and its Influence in the Society"; "Women in Different Religions and Nations"; "Women in Arabic Poetry"; "Ibn Al-Rumi and His Contribution to Arabic Poetry"।

ড. ইয়াহইয়ার রহমান বিভিন্ন পর্যায়ে ইসলামী শিক্ষার প্রসারে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি রিয়াদে ১৯৮৭ সালে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১৯৯৭ সালে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সেমিনারে "ইসলামী শিক্ষা" পর্বের সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৮ সালে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে যোগদান করেন এবং ইমাম বুখারী (রহ:) এর কবর যিয়ারতের সুযোগ পান। ২০০২ সালে ঢাকায় অনুষ্ঠিত "Quality Assurance in Higher Education in Bangladesh" শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি জাতীয় পর্যায়ে অসংখ্য সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এবং অতিথি হিসেবে নিয়মিত আলোচনা রাখতেন।  

তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। উল্লেখযোগ্য রচনাবলী হচ্ছে: মাওয়ালী এবং ইসলামী উলুমে তাঁহাদের অবদান (The Mawali and their Contribution in the Islamic Science), ইমাম আবু হানিফা (রহ:) এর জীবনী ইত্যাদি।

ড. ইয়াহইয়ার রহমানের অধীনে বারোজন গবেষক এমফিল ও দশজন পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। ওনার অধীনে গবেষণা সম্পন্ন করা ছাত্ররা দেশে ও বিদেশের বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠানে যোগ্যতা ও খ্যাতির সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের external examiner/supervisor এবং expert হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বৃক্ষ রোপন, সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রবণতারোধে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়মিত বৃত্তি প্রদান করে থাকতেন। এছাড়াও তিনি বেশ কয়েকবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক জাতীয় পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ খতিব (ইমাম) হিসেবে স্বীকৃতি পেয়েছেন ও বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘকাল রাজারবাগ পুলিশ লাইন হেড কোয়ার্টার সেন্ট্রাল মসজিদ, টিকাটুলি মসজিদ, ও কোর্টপাড়া জামে মসজিদ, কুষ্টিয়ায় জুম'আর সম্মানিত খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. ইয়াহইয়ার রহমান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে পরিচালিত বিভিন্ন গবেষণা কর্মে জড়িত ছিলেন। তিনি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে দীর্ঘদিন বিশেষ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আল মুনতাদা আল ইসলামী ও বাংলাদেশ ইন্সটিউট অব ইসলামিক থট (BIIT) এর কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। জাতীয় পর্যায়ে ইসলামী শিক্ষার সম্প্রসারণ ও সংকোচন নীতি প্রতিরোধে সর্ব মহলের ওলামায়ে কেরামের বৃহত্তর ঐক্য গঠনের লক্ষ্যে গঠিত কমিটিতে তিনি সদস্য ছিলেন ও সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি বাংলা একাডেমি; ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট; ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়; ও আরবী বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য ছিলেন। মহান এ মনীষী ২০২৫ সালের ৪ নভেম্বর ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন। ওনার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করে।

লেখক: লেকচারার, ইউনিভার্সিটি অব গ্রেটার ম্যানচেস্টার, ইংল্যান্ড (মরহুমের বড় ছেলে)

এসএইচ/