
|
ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি
প্রকাশ:
৩০ অক্টোবর, ২০২৬, ০৭:১৪ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শওকত ওসমান, সহসভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন মিনা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কে এম নাসির উদ্দিন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ৬ষ্ঠ নগর যুব সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সম্মেলনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রকাশ করা হয়। নগর সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী। প্রধান অতিথির বক্তব্যে শায়খে চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চায়। তাদের লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন নয়; বরং ইসলামের আদর্শ ও শরিয়াহ বাস্তবায়ন। আদর্শ বিসর্জন দিয়ে তাঁরা ক্ষমতায় যেতে চান না। ভোট বেশি পাওয়া বা কম পাওয়াই সফলতার মাপকাঠি নয়; বরং আদর্শ কতটা বাস্তবায়িত হচ্ছে, সেটিই প্রকৃত সফলতা। তিনি আরও বলেন, ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়নের উদ্যোগ দেশের মুসলমানরা মেনে নেবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ বাড়ছে, এ অবস্থার পরিবর্তন জরুরি। জাপানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কতটুকু এবং ভারতের স্বার্থ কতটুকু, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি করা যাবে না। মাদ্রাসাশিক্ষাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধেও তিনি সতর্ক করেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী শেখ ফজলুল করিম মারুফ। বিশেষ বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাজকল্যাণ সদস্য আলহাজ আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এমএইচ মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা এবং কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ উপকমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ ইমদাদুল ফেরদৌস। এমএম/ |