পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:৫৩ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য আফগানিস্তানকে দায়ী করার অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তাঁর দাবি, নিজ দেশে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পাকিস্তানের সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট মহল জনগণকে বিভ্রান্ত করতে আফগানিস্তানকে দায়ী করছে।

এক বিবৃতিতে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করা বা এতে সমর্থন দেওয়া আফগানিস্তানের স্বার্থের পরিপন্থী। অন্য দেশে অস্থিতিশীলতা ছড়ানো কিংবা এতে অর্থায়ন করার মতো সামর্থ্য ও সম্পদও আফগানিস্তানের নেই বলে দাবি করেন তিনি।

তালেবান সরকারের এই মুখপাত্র বলেন, কোনো প্রতিবেশী দেশে অস্থিতিশীলতা তৈরি হলে তা সংশ্লিষ্ট দেশটির পাশাপাশি পুরো অঞ্চলের জন্য ক্ষতিকর। পাকিস্তানের অস্থিতিশীলতা আফগানিস্তানকেও অর্থনৈতিক, সামাজিক ও মানবিকভাবে ক্ষতিগ্রস্ত করে।

পাকিস্তানি কর্তৃপক্ষকে আফগানিস্তানের ওপর দায় চাপানোর পরিবর্তে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে মনোযোগ দেওয়ার আহ্বান জানান জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি আরও বলেন, আফগানিস্তানকে অনিরাপদ করার পরিকল্পনায় সম্পদ ব্যয় করা নিজেদের মৌলিক দায়িত্ব এড়িয়ে যাওয়ার শামিল। এতে আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক সম্পদের অপচয় হয়।

জাবিহুল্লাহ মুজাহিদের অভিযোগ, আফগানিস্তানকে দায়ী করার এই অবস্থান পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে নিজেদের দায়িত্ব পালনে অবহেলার দিকে ঠেলে দিয়েছে। সূত্র: মিল্লাত টাইমস উর্দু

এসএইচ/