
|
পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের
প্রকাশ:
২৪ অক্টোবর, ২০২৬, ০৭:৩৭ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক পার্বত্য চট্টগ্রামে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনা ক্যাম্পগুলো অবিলম্বে পুনঃস্থাপন এবং সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানিয়েছে দলটি। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ত্রৈমাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এসব দাবি জানানো হয়। বৈঠকে নেতারা বলেন, গত কয়েক দিন ধরে খাগড়াছড়ি ও রাঙামাটি অঞ্চলের পর্যটনকেন্দ্র সাজেকে প্রায় তিন হাজার পর্যটককে অবরুদ্ধ করে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করে। পর্যটকদের উদ্ধারে গেলে গত বৃহস্পতিবার সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে সেনাসদস্য ও পুলিশসহ অন্তত নয়জন আহত হন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাঁরা পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূল এবং জননিরাপত্তা প্রতিষ্ঠায় সেনা ক্যাম্পগুলো পুনঃস্থাপনের দাবি জানান। বৈঠকে জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। নেতারা বলেন, এসব পণ্যের দাম অবিলম্বে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। সংবিধান সংস্কার প্রসঙ্গে খেলাফত মজলিসের নেতারা বলেন, গণভোটে জনগণের সুস্পষ্ট রায় ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে একতরফা ‘সংবিধান সংশোধন কমিটি’র মাধ্যমে ১৯৭২ সালের বিতর্কিত সংবিধান রক্ষার চেষ্টা চলছে। তাঁরা সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করে গণরায় অনুযায়ী সংবিধানের পূর্ণাঙ্গ রূপরেখা বাস্তবায়নের দাবি জানান। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এতে নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অধ্যাপক ড. আহমদ আসলাম, মাওলানা সামছুজ্জামান চৌধুরী, বায়তুলমাল সম্পাদক আলহাজ আবু সালেহীন, সমাজকল্যাণ ও শিল্পবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালমান, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরুসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এসএইচ/ |