‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৮:৫৬ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গুলিবর্ষণের ঘটনাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ৬৫ নম্বর ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতির উল্লেখ করে শেখ ফজলুল করীম মারুফ বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় আইএসপিআরের তথ্যানুযায়ী ইউপিডিএফ দায়ী। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে তাঁরা এ ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করেন।

তিনি বলেন, ইউপিডিএফসহ দেশের কোনো সংগঠনের এ ধরনের সশস্ত্র সক্ষমতা থাকা উচিত নয়। এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘২৪-এর পর দেশে অন্তত তিনটি সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নীতির পরিবর্তন না করে কেবল নেতার পরিবর্তন হলে যে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।’

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ বলেন, বিএনপি-জামায়াত জাতিকে নতুন কিছু দিতে ব্যর্থ হয়েছে। ঢাকা মহানগরের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে দলমতের ঊর্ধ্বে উঠে যোগ্য নেতা নির্বাচনের আহ্বান জানান তিনি।

ওয়ার্ড সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হাফেজ সালাহউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

 এমএম/