ডেঙ্গুতে ইসলামী যুব আন্দোলনের নেতার মৃত্যু, ক্ষতিপূরণ দাবি
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ১১:২৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ৬৮ নম্বর ওয়ার্ড শাখার সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা ও অবহেলার অভিযোগ তুলে মরহুমের স্ত্রী ও তিন শিশুসন্তানের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান ইন্তেকাল করেন। বুধবার (২১ অক্টোবর) বাদ জোহর রাজধানীর ডেমরার আলেপখান রোডে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন মুফতী মানসুর আহমদ সাকী। তিনি বলেন, মিজানুর রহমান সংগঠনের প্রতি অত্যন্ত নিবেদিতপ্রাণ ও নিষ্ঠাবান ছিলেন। সামাজিক সম্প্রীতি রক্ষা ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সংগঠন একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মশক নিধন ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা জরুরি। ডেঙ্গু প্রতিরোধে অবহেলা ও সমন্বয়হীনতার কারণে সাধারণ মানুষকে প্রাণ দিতে হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না। মরহুমের পরিবারের দুরবস্থার কথা তুলে ধরে মুফতী মানসুর আহমদ সাকী বলেন, উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁর স্ত্রী ও তিন শিশুসন্তান অনিশ্চয়তার মুখে পড়েছেন। তাঁদের আর্থিক ও মানসিক সংকট বিবেচনায় নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

জানাজায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতী দেলওয়ার হোসাইন সাকী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের নেতারা, ডেমরা থানা ও বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।

আইও/