মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৯:১৬ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বুধবার (২১ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, এরই মধ্যে নাসরুল্লাহ বদরের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর পরিবারের স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এতে বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি নিহত হন বাংলাদেশের মুফতি মো. নাসরুল্লাহ বদর (৪৫)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় কাফেলার আরও কয়েকজন সদস্য আহত হন। নাসরুল্লাহ বদরের মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে আসে। তাঁর পরিবারের আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আইও/