সুদূরে হারাবে একদিন
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৫:২৬ বিকাল
নিউজ ডেস্ক

|| নাজমুল হুদা মজনু || 

প্রতি রাত দিনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাই
তার ইচ্ছায় ফের নতুনভাবে উঠে দাঁড়াই।
কখনো বাগানের ফুল রাঙা ডানার পাখি 
শত ভিড়েও নিজেকে আড়াল করে রাখি।

আকাশের চাঁদ ছুঁই আবেগের তাড়নায়
 সাগরের ঢেউয়ে সাঁতার কাটি ধারণায়।
জীবন কি শুধুই কল্পিত সুখ স্বপ্নের নাম
একটু ভালোবাসা যেন পূর্ণ প্রাণের দাম।

অপেক্ষার প্রহর কাটে কত যে কণ্টকময়
আঘাতে ক্ষতবিক্ষত লাঞ্ছিত তপ্ত হৃদয়। 
প্রতীক্ষার পারদ অফুরান ওঠে ঊর্ধ্বমুখী
কেবলই যন্ত্রণা বাড়ে অনন্ত মৃত্যুর ঝুঁকি।

বন্ধু স্বজনরা সরব আনন্দ আর উচ্ছ্বাসে
কেউ বোঝে না কী যে কষ্ট ঝরে নিঃশ্বাসে। 
কখন যে থেমে যাবে এই কল্লোল কলরব
সুদূরে হারাবে একদিন চাওয়াপাওয়া সব।

এসএইচ/