
|
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি
প্রকাশ:
২০ অক্টোবর, ২০২৬, ০৬:১৮ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে সৌদি কতৃপক্ষ। মঙ্গলবার (২০ অক্টোবর) পবিত্র দুই মসজিদ (হারামাইন)-সংক্রান্ত সংবাদমাধ্যম ‘দ্য হলি মস্কস’-এর বরাতে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত ১৪ অক্টোবর সৌদি আরবের কর্তৃপক্ষ মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাদের নাম উল্লেখ করা হয় নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। বিবৃতিতে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ, আদালতের রায় ও মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হলেও ঘটনার সুনির্দিষ্ট বিবরণ কিংবা মসজিদটির নাম প্রকাশ করা হয়নি। ২০২৩ সালের ঘটনায় মৃত্যুদণ্ড হয় নজরুলের, এ আগে সৌদি কারাগারে তিনি তিন বছর ছিলেন। এদিকে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী ও পুরুষের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে কাবার পূর্ব কোণে অবস্থিত হাজরে আসওয়াদের কাছে এক পুরুষকে এক নারীর মাথায় ধাক্কা দিতে দেখা যায় এবং একই সঙ্গে দাবি করা হয়, এ দুজন হলেন সেই বাংলাদেশি যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে ‘দ্য হলি মস্কস’ এক্স অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ‘ভিডিওটি ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রমাণ নয় এবং এ-সংক্রান্ত দাবিটি সঠিক নয়’। এদিকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। তাদের বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশি মিশনকে জানানো হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্র: খালিজ টাইমস আইও/ |