
|
কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪
প্রকাশ:
১১ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের সবার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন— রোজিনা (৩০), তার স্বামী শরিফ (৩৪), রোজিনার ভাই রিয়াজ (২২) এবং রনি (১৯)। রোববার (১১ অক্টোবর) ভোরে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার তাদের দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। চিকিৎসক জানান, রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাসের লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে তারা দগ্ধ হয়েছেন। দগ্ধ চারজনের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ কারণে সবাইকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। আইও/ |