ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৮:২৮ রাত
নিউজ ডেস্ক

ঝালকাঠি প্রতিনিধি

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ সম্মেলনে বক্তারা সরকারের প্রতি দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কাদিয়ানি পণ্য বর্জনের ডাক দিয়ে দাবি উপেক্ষা করা হলে দাফনের কাপড় পরে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির নায়েবে আমির ও নেছারাবাদ দরবার শরিফের পীর মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ও গালুয়া দরবার শরিফের পীর মাওলানা আব্দুল গাফ্ফার খান।

সম্মেলনে বক্তারা বলেন, খতমে নবুওয়তের আকিদা তাঁদের ধর্মীয় বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ। এ বিশ্বাসের সুরক্ষা এবং কাদিয়ানিদের বিষয়ে তাঁদের দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ সময় তাঁরা উপস্থিত লোকজনকে কাদিয়ানি পণ্য বর্জনের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। দাবি উপেক্ষা করা হলে দাফনের কাপড় পরে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তাঁরা।

সম্মেলনে বক্তব্য দেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল আউয়াল, নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ ও মুফতি মুহাম্মদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম আশরাফী এবং ঢাকার বাড্ডার মিফতাহুল উলুম মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা আব্দুল মজিদ।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, ঝালকাঠি জেলা খেলাফত মজলিসের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব সোহাগ, বাংলাদেশ তাবলিগ জামাতের জেলা শুরা সদস্য মো. মোস্তফা খান ও জেলা মুবাল্লিগ খুরশিদ আলম জুয়েলসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা।

সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার আলেম, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-খতিব ও ধর্মীয় নেতারা অংশ নেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও ধারাখানা ফয়জুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি আইয়ূব খান।

এসএইচ/