
|
ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’
প্রকাশ:
১০ অক্টোবর, ২০২৬, ০৪:৩১ দুপুর
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ ভিডিওতে কালো বোরকা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কেয়া পায়েলকে। তাঁর এই পোস্টে ওমরাহ পালনের অভিজ্ঞতা ও বিশেষ মুহূর্তের অনুভূতি প্রকাশ পেয়েছে। এদিকে পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’ অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে কেয়া পায়েল আরও বলেন, অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। তাঁর এই পোস্টে ভক্ত ও অনুসারীরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ তাঁর ওমরাহ পালন নিয়ে আনন্দ প্রকাশ করেছেন, আবার কেউ ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন। ছোট পর্দায় বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন কেয়া পায়েল। তাঁর ওমরাহ পালনের খবর ও কাবা শরিফের সামনে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এসএইচ/ |