
|
‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’
প্রকাশ:
১০ অক্টোবর, ২০২৬, ১২:০২ দুপুর
নিউজ ডেস্ক |
নবী-রাসুল ও সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ এবং তাঁদের বিরুদ্ধাচারণকারীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকারও অধিকার নেই বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী। শুক্রবার (৯ অক্টোবর) বায়তুল মোকাররম প্রাঙ্গণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। রিদওয়ান মাযহারী বলেন, ‘যারা আম্বিয়া কেরাম এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচারণ করে, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ এবং সমালোচনা করে, তাদের বায়তুল মোকাররমে আসা তো দূরের কথা, বায়তুল মোকাররমের আশপাশে থাকার কোনো অধিকার নাই।’ সমাবেশে বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে নিয়ে গভীর চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের জাতীয় মসজিদ, আমাদের মুসলিম জাতির সম্পদ মুফতি আব্দুল মালেককে নিয়ে যে গভীর চক্রান্ত চলছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ বায়তুল মোকাররমের মিম্বারে কে প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে রিদওয়ান মাযহারী বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই, সেই ব্যক্তিই বায়তুল মোকাররমের মিম্বারের প্রতিনিধিত্ব করবেন, যে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রতিনিধিত্ব করতে পারে। যে ব্যক্তি ১৬ কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে হকের বাণী উচ্চারণ করতে পারবে, তিনিই বায়তুল মোকাররমের মিম্বারের প্রতিনিধিত্ব করতে পারবেন। রাজনৈতিক স্বার্থে যারা আমেরিকার দাসত্বকে গ্রহণ করবে, তাদের এই মিম্বারের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার থাকতে পারে না।’ তিনি আরও বলেন, ‘যারা হকের পক্ষে বজ্রধ্বনি দিতে পারবে, আপসহীনভাবে বাতিলের মোকাবিলা করতে পারবে, তাদেরকেই বায়তুল মোকাররমের মিম্বারে বসতে দেওয়া হবে।’ জাতীয় মসজিদের মিম্বার ও মুফতি আব্দুল মালেককে রক্ষায় নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার কথা জানিয়ে ছাত্র জমিয়ত সভাপতি বলেন, ‘আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা আমাদের আন্তর্জাতিক সম্পদ বাংলাদেশের গৌরব মুফতি আব্দুল মালেক এবং জাতীয় মসজিদের পবিত্র মিম্বারের আমানতকে রক্ষা করতে আমাদের নিজেদের সর্বস্বকে বিলীন করতে আমরা প্রস্তুত আছি।’ ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। আইও/ |