
|
‘দীনকে প্রকৃত রূপে সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে কওমি মাদরাসা’
প্রকাশ:
০৭ অক্টোবর, ২০২৬, ০৭:৪২ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কওমি মাদরাসা দীনকে তার প্রকৃত রূপ, অবয়ব ও কাঠামোয় সংরক্ষণের ঐতিহাসিক দায়িত্ব পালন করে আসছে বলে মন্তব্য করেছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম আকবর কমপ্লেক্সের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি দিলাওয়ার হোসাইন। বুধবার (৭ অক্টোবর) পল্লবী আফতাব উদ্দিন মাদরাসা মিলনায়তনে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর ও রূপনগর থানা ইমাম পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মাওলানা শরিয়তুল্লাহ। মুফতি দিলাওয়ার হোসাইন বলেন, কওমি মাদরাসা ‘সিরাতে মুস্তাকিম’ তথা সরল ও সঠিক পথের অতন্দ্র প্রহরী। রাসুলুল্লাহ (সা.) থেকে সাহাবায়ে কেরাম হয়ে যে ধারাবাহিকতায় দ্বীনের জ্ঞান আমাদের কাছে পৌঁছেছে, কওমি মাদরাসাগুলো সেই জ্ঞান সংরক্ষণ ও প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে। তিনি বলেন, হেদায়েতের এমন কোনো পথ নেই, যাতে কওমি ওলামায়ে কেরাম দিকনির্দেশনা দেননি। দ্বীনের অপব্যাখ্যা ও অপপ্রচার সম্পর্কে মুসলিম সমাজকে সচেতন করার পাশাপাশি তাঁরা ইসলাম ও মুসলিম উম্মাহর হেফাজতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুফতি দিলাওয়ার হোসাইন বলেন, কওমি মাদরাসাগুলোতে হাদিস, ফিকাহ, তাফসিরসহ ইসলামের বিভিন্ন শাস্ত্রের শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি কোরআনের অপব্যাখ্যা ও বিকৃত ব্যাখ্যার বিরুদ্ধে আলেমরা জোরালোভাবে অবস্থান নেন এবং মুসলিম উম্মাহকে এ বিষয়ে সচেতন করেন। কওমি মাদরাসাগুলোর কারণেই এখনো পৃথিবীতে আল্লাহর বাণী সমুন্নত রয়েছে। তিনি আরও বলেন, দ্বীন-ধর্মকে তার প্রকৃত রূপ, অবয়ব ও কাঠামোয় সংরক্ষণের যে ঐতিহাসিক দায়িত্ব, কওমি মাদরাসা ও এর আলেমরা তা দীর্ঘদিন ধরে পালন করে আসছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সভাপতি ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ-এর মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। তিনি বলেন, সমাজে শিক্ষার প্রসার ও প্রযুক্তির উৎকর্ষ ঘটলেও নৈতিকতা, আমানতদারি, তাকওয়া ও মানবিক মূল্যবোধের সংকট দেখা দিয়েছে। এই অবক্ষয়ের সময়ে আদর্শ সমাজ বিনির্মাণে কওমি শিক্ষার বিকল্প নেই। তিনি আরও বলেন, কওমি মাদরাসা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, মানুষ গড়ার কারখানা। এখানে কোরআন-হাদিসের পাশাপাশি আখলাক, আদব, দেশপ্রেম ও মানবসেবার শিক্ষাও দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সহসভাপতি মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ঈসা কাসেমী, দফতর সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, সহসাংগঠনিক সম্পাদক মুফতি ইলিয়াস হাসান কাসেমী ও মুফতি নূরুল আলম। মাওলানা আবুল বাশারের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জামিয়া নূরিয়া কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা সুলাইমান, রূপনগর থানা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা মুনীরুল ইসলাম, মাওলানা মিনহাজুল আবেদীনসহ স্থানীয় আলেম ও মাদরাসা সংশ্লিষ্ট ব্যক্তিরা। এসএইচ/ |