নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া
প্রকাশ: ০৪ অক্টোবর, ২০২৬, ১২:৪১ দুপুর
নিউজ ডেস্ক

|| ইমরান ওবাইদ ||

নেক সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সকলের মোনাজাতের বড় একটা অংশ ঘিরেই থাকে এই সম্পদ প্রাপ্তির কামনা। কারণ, সন্তান না হওয়া যেমন কষ্টের, ঠিক তেমনই প্রাপ্ত সন্তান নেক না হলেও তা পৃথিবীর সবচেয়ে বড় বোঝা। বদ সন্তানের মন্দ স্বভাবের কারণে আর্থিক সংকট, প্রতিবেশীর লাঞ্ছনাকর কটু বাক্যসহ পৃথিবীর এহেন কোনো কষ্ট নেই, যা মা-বাবাকে সইতে হয় না।

সন্তান আল্লাহরই দান। এই বিশাল নেয়ামত আল্লাহ তায়ালাই দান করেন। পবিত্র কোরআনে তিনে ইরশাদ করেন, ‘আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য জীবনসঙ্গী সৃষ্টি করেছেন এবং তোমাদের জীবনসঙ্গীদের মাধ্যমে তোমাদের সন্তান ও নাতি-নাতনি দিয়েছেন। আর তোমাদের পবিত্র ও উত্তম রিজিক দান করেছেন। তবু কি তারা মিথ্যার ওপর ঈমান আনে এবং আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়?’ (সুরা নাহল: ৭২)

আমাদের সন্তানকে যেহেতু আল্লাহ তায়ালাই দান করেছেন, তাই তাদেরকে আমরা যতই নিয়ম-শৃঙ্খলার ভেতর রেখে মানুষ করি, আল্লাহ তায়ালার অনুগ্রহ ছাড়া নেক সন্তান হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। তাই আমাদের উচিত সন্তানকে সঠিক শিক্ষা ও শৃঙ্খলার ভেতর রেখে মানুষ করার পাশাপাশি আল্লাহ তায়ালার কাছেও তার সফলতা, ক্ষতিকর বস্তু, বদনজর থেকে রক্ষা এবং নেক হওয়ার জন্য বেশি বেশি দোয়া করা।

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে নবীদের জবানে নেক সন্তান লাভের কিছু দোয়া আমাদের শিখিয়েছেন। শিখিয়েছেন তাদের ঈমান মজবুতি ও আমলি বান্দা হিসেরব গড়ার জন্য আল্লাহ সাহায্য প্রার্থনার দোয়া। আমাদের উচিত—সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার পাশাপাশি কোরআনে বর্ণিত দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তায়ালার সাহায্য প্রার্থনা করা।

এক.

رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

উচ্চারণ: রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়্যাতান তইয়্যিবাতান, ইন্নাকা সামিউদ-দুআ।

অর্থ: হে আমার প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। (সুরা আলে ইমরান, আয়াত: ৩৮)

দুই.

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

উচ্চারণ: রাব্বি হাব লি মিনাস-সালিহিন।

অর্থ: হে আমার প্রতিপালক, আমাকে নেককার সন্তান দান করুন। (সুরা সাফফাত, আয়াত: ১০০)

তিন.

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

উচ্চারণ: রাব্বিজআলনি মুকিমাস-সালাতি ওয়া মিন জুররিয়্যাতি, রাব্বানা ওয়া তাকাব্বাল দুয়াআ।

অর্থ: হে আমার প্রতিপালক, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও। হে আমাদের প্রতিপালক, আমার দোয়া কবুল করুন। (সুরা ইবরাহিম, আয়াত: ৪০)

চার.

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ: রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইউনিন, ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা।

অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিদেরকে আমাদের জন্য নয়নপ্রীতিকর (চোখের শীতলতা) দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের (পরহেজগারদের) জন্য আদর্শস্বরূপ কর। (সুরা ফুরকান, আয়াত: ৭৪)

পাঁচ.

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

উচ্চারণ: রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন জুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাক, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত-তাওয়াবুর-রাহিম।

অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদের দুজনকে আপনার অনুগত বানান এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও আপনার অনুগত একটি জাতি সৃষ্টি করুন। আমাদের ইবাদতের নিয়মাবলি দেখিয়ে দিন এবং আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু। (সুরা আল-বাকারা, আয়াত: ১২৮)

ছয়.

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِين

উচ্চারণ: রাব্বি আওযিনি আন আশকুরা নিমাতাকাল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু, ওয়া আসলিহ লি ফি জুররিয়াতি, ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল-মুসলিমিন।

অর্থ: হে আমার প্রতিপালক, আপনি আমার ও আমার বাবা-মায়ের প্রতি যে নিয়ামত দান করেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের সামর্থ্য আমাকে দিন। আর এমন সৎকাজ করার তাওফিক দিন, যা আপনি পছন্দ করেন। আমার সন্তানদের আমার জন্য সংশোধন করে দিন। নিশ্চয়ই আমি আপনার কাছে তওবা করেছি এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। (সুরা আহকাফ, আয়াত: ১৫)

আল্লাহ তায়ালা আমাদের সন্তানদেরকে নেক, চোখের শীতলতা এবং সমাজের জন্য কল্যাণকামী হিসেবে কবুল করুন। আমিন।

আইও/