সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম
প্রকাশ: ০৩ অক্টোবর, ২০২৬, ১২:২৪ দুপুর
নিউজ ডেস্ক

সেনাবাহিনীর কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান। 

শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টায় জ্বালানিবাহী ৩টি লরি রূপপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড, এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বহর ইউরেনিয়াম নিয়ে রওনা হয়। তিনটি লরিতে ইউরেনিয়াম এবং একটিতে অন্যান্য সরঞ্জামাদি নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে আছে রাশিয়া থেকে আগত বিশেষজ্ঞ দলও। বহর চলাচলের রাস্তায় সাময়িক গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে। ফলে কিছু কিছু জায়গায় তৈরি হয়েছে তীব্র যানজট।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাতে প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন। এরপর সেনাবাহিনীর নিরাপত্তায় তা রূপপুরে নেওয়া হবে বলে জানানো হয়।

পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে আসবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান বাংলাদেশে পৌঁছাবে।

আইও/