
|
যুব জমিয়তের প্রচার উপকমিটির সভায় একাধিক সিদ্ধান্ত
প্রকাশ:
০২ অক্টোবর, ২০২৬, ০৪:৫০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার উপকমিটির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের প্রচার কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী, দায়িত্বশীল ও সময়োপযোগী করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি ইসহাক কামাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাফিজ মাওলানা মুফতি সুলাইমান মাদানি ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কালীম মাহফুজ। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রচার উপকমিটির আহ্বায়ক মাওলানা মুকতাদির আহমদ। সভায় সারাদেশের প্রচার কার্যক্রম নতুনভাবে সক্রিয় ও সমন্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি ইউনিটের প্রচার কার্যক্রম শক্তিশালী করা, কার্যকর মিডিয়া সেল গঠন, সংগঠনের কর্মসূচির মানসম্মত ভিডিও ও প্রচারসামগ্রী তৈরি এবং সারাদেশের প্রচার সম্পাদকদের নিয়ে নিয়মিত মতবিনিময় করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পর্যবেক্ষণের বিষয়টি সভায় গুরুত্ব পায়। সংগঠনের নীতি-আদর্শ, গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা অনুসন্ধান ও যাচাই করে কেন্দ্রীয় দায়িত্বশীলদের কাছে উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়। সভায় মূলধারার সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় জোরদার করার সিদ্ধান্তও নেওয়া হয়। একই সঙ্গে সারাদেশের প্রচার সম্পাদকদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সংগঠনের সংবাদ দ্রুত ও নির্ভুলভাবে গণমাধ্যমে প্রচারের উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি যুব জমিয়ত বাংলাদেশের পাক্ষিক প্রকাশনা ‘যুবধ্বনি’ প্রকাশের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফিজ মাওলানা শাহিদ হাতিমীর পরিচালনায় সভায় প্রচার উপকমিটির দায়িত্বশীল ও সদস্যদের মধ্যে মাওলানা মুফতি আতাউল্লাহ কাসিমী, মুফতি তৌফিকুল ইসলাম, মুফতি মহিউদ্দিন আরমান, মুফতি আরিফুর রহমান, মাওলানা আসআদ উদ্দিন আসআদীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এসএইচ/ |