
|
২৯ দেশে ৫৮টি ধর্মীয় কোর্সের আয়োজন করেছে সৌদি আরব
প্রকাশ:
০১ অক্টোবর, ২০২৬, ০৮:২০ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের ২৯টি দেশে ৫৮টি ধর্মীয় কোর্স আয়োজন করেছে সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয়। স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এসব কোর্সে মোট ১১ হাজার ৫৫ জন অংশগ্রহণ করেন। মন্ত্রণালয় জানিয়েছে, কোর্সগুলোতে বিভিন্ন ইলমি ও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইসলামের মধ্যপন্থা ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরা, ইমাম, খতিব, দাঈ ও ইসলামি শিক্ষার্থীদের শরিয়াহবিষয়ক জ্ঞান বৃদ্ধি এবং দাওয়াত ও ধর্মীয় সচেতনতা কার্যক্রমে তাদের কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় ব্যক্তিত্ব ও আলেমদের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদানের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এসব কোর্স আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সম্প্রতি থাইল্যান্ডেও একটি ধর্মীয় কোর্স আয়োজন করে সৌদি ইসলামবিষয়ক মন্ত্রণালয়। এতে বিশুদ্ধ ইসলামি জ্ঞান প্রচার, ইমাম, খতিব ও দাঈদের প্রশিক্ষণ এবং বিশ্বব্যাপী মধ্যপন্থী ও ভারসাম্যপূর্ণ ইসলামি চিন্তাধারা প্রসারের ওপর গুরুত্ব দেওয়া হয়। কোর্সে অংশগ্রহণকারীদের কুরআন ও সুন্নাহভিত্তিক সঠিক ধর্মীয় পদ্ধতির ওপর ভিত্তি আরও সুদৃঢ় করার পাশাপাশি তাদের ইলমি ও ধর্মীয় জ্ঞান বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। এদিকে মালদ্বীপের রাজধানী মালেতে প্রায় ১২০ জন ইমাম, খতিব, মুয়াজ্জিন ও ইসলামি শিক্ষার্থীর অংশগ্রহণে একটি ধর্মীয় কোর্স আয়োজন করেছে মন্ত্রণালয়। তিন দিনব্যাপী এ কোর্সে বিশুদ্ধ আকিদা, ইসলামের রহমত ও কল্যাণের মূল্যবোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উগ্রবাদ ও চরমপন্থা প্রত্যাখ্যানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সৌদি ইসলামবিষয়ক মন্ত্রণালয় বলছে, বিভিন্ন দেশে এ ধরনের ধর্মীয় প্রশিক্ষণ ও কোর্স আয়োজনের মাধ্যমে আলেম ও ধর্মীয় ব্যক্তিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি সমাজে ভারসাম্যপূর্ণ ইসলামি মূল্যবোধ ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। সূত্র: আরব নিউজ আইও/ |