কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১২ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক 

পবিত্র কাবা শরিফের বর্তমান দরজা নির্মাণে ১৯৭৯ সালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা থাই নাগরিক আবদুল্লাহ বিন আবদুল মুত্তালিব এখন ৭৮ বছর বয়সে সৌদি আরব সফর করছেন। এবার তিনি সৌদি বাদশাহর বিশেষ অতিথি হিসেবে দেশটিতে গেছেন।

১৯৭৯ সালে কাবা শরিফের দরজা নির্মাণের সময় আবদুল্লাহ বিন আবদুল মুত্তালিব থাইল্যান্ডের তিনজন কাঠমিস্ত্রি ও তিনজন স্বর্ণকারের একটি দলের নেতৃত্ব দেন। তাঁদের তত্ত্বাবধানে তৈরি করা কাঠের দরজায় প্রায় ২৮০ কেজি স্বর্ণ ব্যবহার করা হয়।

দরজাটিতে আল্লাহর ১৫টি নামও খোদাই করা হয়। নির্মাণকাজ শেষ হওয়ার পর ১৯৭৯ সালের অক্টোবর মাসে দরজাটি পবিত্র কাবা শরিফে স্থাপন করা হয়। দরজা স্থাপনের সময় নিচে মুসল্লি ও হজযাত্রীরা কাবা শরিফ তাওয়াফ করছিলেন।

দীর্ঘ ৪৭ বছর পর কাবা শরিফের সেই ঐতিহাসিক দরজা নির্মাণের স্মৃতি নিয়ে আবদুল্লাহ বিন আবদুল মুত্তালিব আবারও সৌদি আরব সফর করছেন। সৌদি বাদশাহর অতিথি হিসেবে তাঁর এ সফরকে কেন্দ্র করে কাবা শরিফের দরজা নির্মাণে তাঁর ও তাঁর দলের অবদানের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/